কংগ্রেস নেতার বাড়িতে আয়কর বিভাগের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্যসভার ভোটের আগে গুজরাটের কংগ্রেস বিধায়কদের আগলে রাখা কর্ণাটকের বিধায়কের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। বেঙ্গালুরু ও মহীশুর শুধু নয়, রাজ্যের মন্ত্রীর দিল্লির বাড়িতেও হানা দেয় আয়কর বিভাগ। এ নিয়ে গতকাল বুধবার উত্তাল হয়ে ওঠে ভারতীয় সংসদ। কংগ্রেসের অভিযোগ, বিজেপি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও গুজরাট থেকে রাজ্যসভার ৯ সদস্যের নির্বাচন। বিতর্ক সেই নির্বাচন ঘিরেই। গুজরাট থেকে কংগ্রেস একটি মাত্র আসনে জিততে পারে। তাদের প্রার্থী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। তাঁকে হারাতে বিজেপি সক্রিয়। ছয়জন কংগ্রেস বিধায়ক ইতিমধ্যে দলত্যাগ করেছেন। দল বাঁচাতে ও আহমেদ প্যাটেলের জয় নিশ্চিত করতে কংগ্রেস তাদের বাকি ৪৪ জন বিধায়ককে গুজরাট থেকে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে নিয়ে যান। এটা নিয়েই রাজনৈতিক কাজিয়া।

কংগ্রেস শাসনাধীন কর্ণাটকে কংগ্রেস বিধায়কদের আগলে রেখেছেন যিনি, তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ডি কে শিবকুমার। গতকাল বেঙ্গালুরু, মহীশুর ও দিল্লিতে শিবকুমারের ৩৯টি অফিস ও বাড়িতে আয়কর বিভাগ হানা দেয়। বেঙ্গালুরুর কাছে যে অবকাশযাপন কেন্দ্রে গুজরাটের বিধায়কদের রাখা হয়েছে, সেখানে শিবকুমারের ঘরেও তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও।

বিজেপির এই আচরণেরই সমালোচনা করছে কংগ্রেস। তারা বলছে, রাজ্যসভার ভোটে আহমেদ প্যাটেলকে হারাতে বিজেপির এই চক্রান্ত। আহমেদ প্যাটেল নিজে টুইট করে বলেছেন, ‘একটা আসনে জিততে বিজেপি অভূতপূর্ব উইচ হান্ট শুরু করেছে।’ রাজ্যের কংগ্রেস বিধায়কদের অভিযোগ, বিজেপি দল ভাঙাতে একেকজনকে দেড় কোটি টাকা পর্যন্ত দিতে রাজি ছিল। গুজরাটে তাঁদের পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। দলের মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও বলেন, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হলেই বিরোধীরা সেটা রাজনৈতিক প্রতিহিংসা মনে করছে। এটাই দুর্ভাগ্যের।