কংগ্রেস বাম দলের সঙ্গে জোটে যেতে রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে শেষ পর্যন্ত কংগ্রেস-বাম দলের নির্বাচনী জোটের জট কেটে যাচ্ছে। গত রোববার পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিয়েছেন, কংগ্রেস বাম দলের সঙ্গে জোটে যেতে সম্মত। এক বিজ্ঞপ্তিতে এ কথা বাম দলকে জানানো হয়েছে।

অধীর চৌধুরী জানান, বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র রক্ষার জন্য সব গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি গুলিকে এক জোট হয়ে লড়াই করার জন্য আহ্বান জানানো হয়েছে।

কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখনো জোট বার্তা দেওয়া না হলেও অধীর চৌধুরী বলেন, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নির্দেশেই এই জোট বার্তা দিয়েছেন তিনি। এর আগে অবশ্য সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে তাঁদের দলের পক্ষ থেকে একই বার্তা দেওয়া হয়। কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এই বার্তা পাওয়ার পর কংগ্রেস এবং বাম দল যৌথ প্রচারেও নেমে পড়েছে। শুরু করেছে রাজ্যব্যাপী প্রচারাভিযান।

সিপিএমের নেতারা কংগ্রেসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এতদিন ধরে রাজনৈতিক মহলে যে জল্পনা চলে আসছিল, সেই জল্পনার অবসান হলো। এর ফলে এই দুই জোট বা দলের মধ্যে এখন আসন সমঝোতার পথ তৈরি হলো। জানা গেছে, এর মধ্যে কংগ্রেস এবং বাম দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কথাও শুরু হয়েছে। কংগ্রেস সূত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির নির্দেশেই অধীর চৌধুরী এই জোট গড়ার নির্দেশ দিয়েছে। এখন দুই দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

একটি সূত্র থেকে জানা গেছে, আসন সমঝোতার মূল সূত্র হলো, বর্তমানে বাম দল এবং কংগ্রেসের যেসব বিধায়ক রয়েছেন সেসব আসনে ওই দলের প্রার্থীরা মনোনয়ন পাবেন। এরপরের সূত্র হলো, যেসব আসনে তৃণমূল বা অন্য দল জয়ী হয়েছিল, সেসব আসনে যাঁরা দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন (বাম দল বা কংগ্রেস), তাঁরা মনোনয়ন পাবেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান বিবেচনা করে উভয় দলের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে।

২০১১ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল ১৮৪টি আসন পেয়েছিল। বাম দল জিতেছিল ৬০টি আসন এবং কংগ্রেস জিতেছিল ৪২টি আসন। ওই বছর কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েছিল।