কংগ্রেস বিধায়কদের দলত্যাগ ঠেকাতে মুচলেকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও বাম ও কংগ্রেসের জোটকে টিকিয়ে রাখার সিদ্ধান্ত হয়েছে। গত নির্বাচনের মতো কংগ্রেসের জয়ী বিধায়কদের যাতে বিজয়ী তৃণমূল কংগ্রেস টোপ দিয়ে দলে ভেড়াতে না পারে সে জন্য তাঁদের মুচলেকাও নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এই কৌশল নিয়ে প্রবল শোরগোল শুরু হলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই পদক্ষেপকে পরোক্ষভাবে সমর্থনই জানিয়েছে।
কয়েক দিন আগেই সদ্য নির্বাচিত ৪৪ জন কংগ্রেস বিধায়ককে এক শ রুপির নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই করে মুচলেকা দিয়ে বলতে হয়েছে, দলের প্রতি তাঁদের প্রশ্নহীন আনুগত্য রয়েছে। দলবিরোধী কোনো কাজ বা বিবৃতিতে তাঁরা জড়াবেন না। দলের বিরুদ্ধাচরণ করতে হলে বিধায়ক পদে ইস্তফা দিয়েই তা করবেন।
পশ্চিমবঙ্গের ২০১১ সালের নির্বাচনে কংগ্রেসের ৪২ জন নেতা জিতেছিলেন। কিন্তু পরবর্তী চার বছরে ১১ জনকে তৃণমূল নিজেদের দলে ভিড়িয়েছিল। সেই অবস্থার পুনরাবৃত্তি ঠেকাতেই আগেভাগে প্রদেশ কংগ্রেস এই মুচলেকা নেওয়ার ব্যবস্থা করে।
দলের জয়ী ও পরাজিত প্রার্থী এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বিধায়কদের কাছ থেকে দল না ছাড়ার ওই শপথ আদায় করা হয়।
কংগ্রেস সূত্র জানায়, ইতিমধ্যেই দলটির কিছুসংখ্যক বিধায়ককে তৃণমূলের তরফে টোপ দেওয়া শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্র বলেছে, স্ট্যাম্পে সই করলেও কংগ্রেস বিধায়কদের কেউ কেউ ইতিমধ্যে ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ করেছেন।