কংগ্রেস সভাপতি হতে পারেন গান্ধী পরিবারের বাইরের কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হতে পারেন বলে আভাস দিলেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক ইউপিএ সরকারের অর্থমন্ত্রী পি চিদাম্বরম। গতকাল শুক্রবার দেশটির বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

প্রবীণ এই নেতা বলেন, ‘সোনিয়া গান্ধী আমাদের সর্বোচ্চ নেতা। তবে গান্ধী পরিবারের সদস্য নন—এমন কেউ ভবিষ্যতে কংগ্রেসের সভাপতি হতেই পারেন।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘সোনিয়া ও রাহুল গান্ধী দলের সর্বস্তরে গ্রহণযোগ্য। তবে তার অর্থ এই নয় যে আর কোনো নেতার উত্থান হবে না বা হওয়া উচিত নয়।’

সাম্প্রতিক সময়ে কংগ্রেসের হাল খারাপ হওয়া প্রসঙ্গে পি চিদাম্বরম বলেন, ‘কংগ্রেসকে এবার বিজেপির প্রকৃত বিরোধী হয়ে উঠতে হবে। আমাদের সভাপতি সোনিয়া গান্ধী এবং সহসভাপতি রাহুল গান্ধীকে আরও বেশি করে কথা বলতে হবে, জনসভা করতে হবে। আরও বেশি করে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হবে।’

কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের সংসদে মাত্র ৪৪টি আসন পেয়ে ভরাডুবির মুখে পড়ে। সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্য বিধানসভা নির্বাচনেও একই হাল হয় কংগ্রেসের। কংগ্রেসকে এবার চাঙা করার জন্য ইতিমধ্যে রাজীব-সোনিয়ার মেয়ে প্রিয়াংকা গান্ধীকে কংগ্রেসের হাল ধরার দাবি উঠলেও কংগ্রেস নেতৃত্ব এ ব্যাপারে নীরব রয়েছে। এরই মধ্যে গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হতে পারেন—এ ইঙ্গিত দিয়ে পি চিদাম্বরম কার্যত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন।