রাহুল গান্ধীকে কংগ্রেসের সভাপতি করার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হলো। গতকাল সোমবার কংগ্রেস সদর দপ্তরে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়েছে। অসুস্থতার কারণে সোনিয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন না।
বৈঠকে সহসভাপতি রাহুলকে সভাপতি হওয়ার প্রস্তাবটি দেন ওয়ার্কিং কমিটির প্রবীণ সদস্য এ কে অ্যান্টনি। প্রস্তাবটি সমর্থন করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এরপর একে একে সব সদস্যই রাহুলকে দায়িত্ব নিতে অনুরোধ করেন। বৈঠকে ঠিক হয়, সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে অনুরোধটি পাঠানো হবে। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।
সোনিয়ার বয়স ৬৯। ১৯৯৮ সাল থেকে তিনি কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব পালন করে আসছেন। কিছুদিন ধরেই সোনিয়া অসুস্থ। ৪৬ বছরের রাহুলকে দায়িত্ব গ্রহণের জন্যও দলের বিভিন্ন স্তর থেকে দাবি উঠছে। এ অবস্থায় সোমবারের বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি উত্থাপিত হয়। কিন্তু এখনই তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। কারণ, আগামী বছর কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে। দলের একাংশ এখনো সোনিয়াকে ছাড়তে রাজি নন। তাই সহসভাপতি থেকে রাহুলকে ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে উন্নীত করা হবে নাকি সভাপতি করা হবে, তা নিয়ে জল্পনা চলছে।
ওয়ার্কিং কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিলেও দলের একাংশের ধারণা, এখনই সিদ্ধান্ত কার্যকর করা ঠিক হবে কি না, সে বিষয়ে বিতর্ক রয়েছে। উত্তর প্রদেশ নির্বাচনে দল যতটা ভালো করবে বলে একটা সময় মনে করা হচ্ছিল, এখন সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই মহলের ধারণা, উত্তর প্রদেশের ভোট কেটে গেলেই এই দলীয় রদবদল কার্যকর করা দরকার। কারণ, ফল ভালো না হলে তার দায় পুরোপুরি রাহুলের ওপর বর্তাবে।