কংগ্রেসকে আক্রমণ মোদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

সহিষ্ণুতা ও বহুত্ববাদের যে অস্ত্রে তিনি আক্রান্ত, সেই অস্ত্রকে হাতিয়ার করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে আক্রমণ করলেন। বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে আজ সোমবার তিনি বলেন, ১৯৮৪ সালের দিল্লি দাঙ্গা যারা ঘটিয়েছে, অসহিষ্ণুতা নিয়ে তাদের কিছু বলা মানায় না।
মোদি বলেন, সেই বছরের ২ নভেম্বর দিল্লিতে কী হয়েছিল মনে আছে? কংগ্রেসিদের শিখ নিধনযজ্ঞ। সেই কংগ্রেসের মুখে সহিষ্ণুতার বাণী? ওদের লজ্জায় ডুবে মরা উচিত।
সহিষ্ণুতার প্রশ্নে কংগ্রেসকে যেভাবে মোদি আক্রমণ করলেন, অসহিষ্ণুতা মাথাচাড়া দেওয়ার বিরুদ্ধে তেমন জোরালো ভাষায় আজ পর্যন্ত প্রধানমন্ত্রী কিছু বলেননি। বরং তাঁর দলের কৌশল হচ্ছে এটা প্রমাণ করা, তিনি ও তাঁর সরকারই অসহিষ্ণুতার বলি। গত রোববার অর্থমন্ত্রী অরুণ জেটলি এই কথাটাই জোর দিয়ে প্রমাণ করতে চেয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেস, বামপন্থী দলগুলো এবং সমভাবাপন্ন মানুষদের আদর্শগত অসহিষ্ণুতার সবচেয়ে বড় বলি নরেন্দ্র মোদি। মোদির মতো ক্ষতিগ্রস্ত আর কেউ নন। এটা বিরোধীদের আদর্শগত অবস্থান। দেশের অবস্থা মোটেও তেমন মারাত্মক কিছু নয়।
মোদি আক্রমণাত্মক হলেও কংগ্রেস অবশ্য চুপ করে বসে না-থাকারই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা সংবাদ সম্মেলনে পাল্টা জবাব দিয়ে বলেছেন, অবস্থার সামাল দিতে ’৮৪ সালে দিল্লিতে সেনাবাহিনী ডাকা হয়েছিল। অথচ ২০০২ সালে গুজরাট দাঙ্গা লাগামহীন হয়ে যাওয়া সত্ত্বেও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সেনা না ডেকে দাঙ্গাকে আরও মারাত্মক ও হিংসাত্মক হতে সাহায্য করেছিলেন।

শুধু মোদির জবাবই নয়, দেশজোড়া অসহিষ্ণুতা ও অস্থিরতা রুখতে আজ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আগামীকাল মঙ্গলবার বিকেলে সোনিয়া এবং কংগ্রেসের অন্য নেতারা মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যাবেন। অসহিষ্ণুতা বন্ধ ও সহিংসতা রুখতে সরকারকে উদ্যোগী হওয়ার আরজি জানিয়ে তাঁরা রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি দেবেন। গত শনিবার এক অনুষ্ঠানে সোনিয়া বলেছিলেন, এক বিশেষ আদর্শে বিশ্বাসী সংগঠন ও রাজনৈতিক দলের লোকজন দেশের মানুষের মধ্যে হিংসা ছড়াতে সচেষ্ট। এই ঘৃণ্য অপচেষ্টা কংগ্রেস সফল হতে দেবে না।

প্রধানত গরু-বিতর্ককে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিশ্বের প্রথম সারির অর্থনৈতিক রেটিং ও বিশ্লেষক সংস্থা ‘মুডিজ অ্যানালিটিকস’ ইতিমধ্যেই ভারতকে সতর্কও করে দিয়েছে। মোদি এবং তাঁর সরকার কিন্তু সেই সতর্কবার্তাকে গুরুত্ব না দিয়ে পুরো বিষয়টি রাজনৈতিক দিক দিয়ে বিজেপিবিরোধী শিবিরের অপপ্রচার বলে প্রচার করছে। অরুণ জেটলির বক্তব্যের সারকথা সেটাই।

তবে বিজেপির সেই পাল্টা প্রচারে কান না দিয়ে বিশিষ্ট সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলি খান রেবাবার লক্ষ্ণৌয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, দেশ থেকে অসহিষ্ণুতার পরিবেশ দূর করতে তিনি যেন কড়া হন, যাতে কেউ কোনো রকম প্রশ্রয় না পায়। তিনি বলেন, ‘দেশের অবস্থা মোটেই সুস্থ নয়। আপনি দলের লোকজনদের নিয়ন্ত্রণ করুন।’

একই অনুরোধ অভিনেত্রী শর্মিলা ঠাকুরেরও। রোববার এক বার্তায় তিনি বলেছেন, এই অসহিষ্ণুতা ভারতের সংবিধান, গণতান্ত্রিক রীতি ও বহুত্ববাদী ঐতিহ্যের বিরুদ্ধে। তিনি বলেন, ‘এই সময় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভাবি। নাইট উপাধি ত্যাগ করে তিনিও প্রতিবাদ জানিয়েছিলেন।’