
সহিষ্ণুতা ও বহুত্ববাদের যে অস্ত্রে তিনি আক্রান্ত, সেই অস্ত্রকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে আক্রমণ করলেন। বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে গতকাল সোমবার তিনি বলেন, ১৯৮৪ সালের দিল্লি দাঙ্গা যারা ঘটিয়েছে, অসহিষ্ণুতা নিয়ে তাদের কিছু বলা মানায় না।
মোদি বলেন, সেই বছরের ২ নভেম্বর দিল্লিতে কি হয়েছিল মনে আছে? কংগ্রেসিদের শিখ-নিধনযজ্ঞ। সেই কংগ্রেসের মুখে সহিষ্ণুতার বাণী? ওদের লজ্জায় ডুবে মরা উচিত।
সহিষ্ণুতার প্রশ্নে কংগ্রেসকে যেভাবে তিনি আক্রমণ করলেন, অসহিষ্ণুতার মাথাচাড়া দেওয়ার বিরুদ্ধে তেমন জোরালো ভাষায় আজ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী কিছু বলেননি। বরং তাঁর দলের কৌশল হচ্ছে এটা প্রমাণ করা, তিনি ও তাঁর সরকারই অসহিষ্ণুতার বলি। গত রোববার অর্থমন্ত্রী অরুণ জেটলি এ কথাটাই জোর দিয়ে প্রমাণ করতে চেয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেস, বামপন্থী দলগুলো এবং সমভাবাপন্ন মানুষদের আদর্শগত অসহিষ্ণুতার সবচেয়ে বড় বলি নরেন্দ্র মোদি। মোদির মতো ক্ষতিগ্রস্ত আর কেউ নন। এটা বিরোধীদের আদর্শগত অবস্থান। দেশের অবস্থা মোটেই তেমন মারাত্মক কিছু নয়।
মোদি আক্রমণাত্মক হলেও কংগ্রেস অবশ্য চুপ করে বসে না থাকারই সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা সংবাদ সম্মেলনে পাল্টা জবাব দিয়ে বলেছেন, অবস্থার সামাল দিতে ’৮৪ সালে দিল্লিতে সেনাবাহিনী ডাকা হয়েছিল। অথচ ২০০২ সালে গুজরাট দাঙ্গা লাগামহীন হয়ে যাওয়া সত্ত্বেও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সেনা না ডেকে দাঙ্গাকে আরও মারাত্মক ও হিংসাত্মক হতে সাহায্য করেছিলেন।
শুধু মোদির জবাবই নয়, দেশজোড়া অসহিষ্ণুতা ও অস্থিরতা রুখতে গতকাল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ মঙ্গলবার বিকেলে সোনিয়া এবং কংগ্রেসের অন্য নেতারা মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যাবেন। অসহিষ্ণুতা বন্ধ ও সহিংসতা রুখতে সরকারকে উদ্যোগী হওয়ার আরজি জানিয়ে তাঁরা রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি জমা দেবেন। আজ বিকেলে কংগ্রেসের মিছিল শুরু হবে ৩০ জানুয়ারি মার্গ থেকে। এই বাড়িতেই ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজি নিহত হয়েছিলেন।
প্রধানত গরু-বিতর্ককে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিশ্বের প্রথম সারির অর্থনৈতিক রেটিং ও বিশ্লেষক সংস্থা ‘মুডিজ অ্যানালিটিকস’ এরই মধ্যেই ভারতকে সতর্কও করে দিয়েছে।