কংগ্রেসে ক্ষোভ বাড়ছেই, ’জি-২৩’ নেতাদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
ফাইল ছবি

কংগ্রেসে অসন্তোষ ছিলই, পাঁচ রাজ্যে নির্বাচনী ভরাডুবির পর তা আরও তীব্র হয়ে উঠেছে। ডামাডোল এতটাই যে কীভাবে অসন্তোষ সামাল দেওয়া যেতে পারে, সে বিষয়ে কারও কোনো স্পষ্ট ধারণা নেই।

ওয়ার্কিং কমিটির বৈঠকে হারের পর্যালোচনার মাঝেই কোনো কোনো নেতা দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেছিলেন।

দুই বছর আগে সর্বক্ষেত্রে সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে সার্বক্ষণিক নেতা নিযুক্তির দাবিতে দলনেত্রী সোনিয়া গান্ধীকে যে ২৩ জন শীর্ষ নেতা চিঠি লিখেছিলেন, যাঁরা ‘জি-২৩’ বলে পরিচিত, তাঁদের কেউ কেউ ওই বৈঠকে সেই পুরোনো দাবি নতুন করে তুলে ধরে বলেন, যেভাবে দল পরিচালিত হচ্ছে তাতে ভালো কিছু আশা করা বৃথা। সেই বৈঠকের পরদিনই সোনিয়া পাঁচ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিকে হারের দায় স্বীকার করে পদত্যাগের নির্দেশ দেন। অথচ ওই পাঁচ রাজ্যের ভারপ্রাপ্ত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) নেতাদের কাউকে ইস্তফা দিতে বলা হয়নি। প্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতারা গান্ধী পরিবারের অনুগত। অ্যাডহক পদ্ধতিতে তাঁদের নিযুক্ত করা হয়েছে। এর উল্লেখ করে বিক্ষুব্ধ এক নেতা গত বুধবার রাতে সংবাদমাধ্যমকে বলেন, নির্বাচনের বদলে স্রেফ অনুগতদের নিয়ে দল চালালে যা হওয়ার কংগ্রেসে সেটাই হচ্ছে। সর্বস্তরীয় নির্বাচনই দলকে ঢেলে সাজানোর একমাত্র উপায়। অথচ সেই দিকে কারও নজর নেই।

গত বুধবার রাতে ‘জি-২৩’ নেতারা মিলিত হন প্রবীণ গুলাম নবী আজাদের বাসভবনে। এর দুদিন আগে সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়ে ‘জি-২৩’–এর অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল গান্ধী পরিবারের কাজকর্মের সমালোচনা করে বলেছিলেন, দল এখন ‘ঘর কি কংগ্রেস’ (গান্ধী পরিবারের) হয়ে গেছে। প্রয়োজন ‘সব কি কংগ্রেস’। তিনি বলেছিলেন, দলের বিপর্যয়ের কারণ অনুসন্ধানে এখনো যদি শিবিরের আয়োজন করতে হয়, তবে বুঝতে হবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কোনো কল্পরাজ্যে বাস করছেন। বাস্তবকে মানতে চাইছেন না। কপিল সিব্বালের ওই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে গান্ধী পরিবারের অনুগত নেতারা তাঁর সমালোচনার পাশাপাশি পরিবার রক্ষায় তৎপর হন। অনেকেই বিক্ষুব্ধদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। কিন্তু তাতেও জি-২৩ নেতাদের দমানো যায়নি।

গুলাম নবী আজাদের বাড়ির বৈঠকে বরং দেখা যায়, বিক্ষুব্ধদের বহর বেড়ে গেছে। সেখানে আনন্দ শর্মা, মনীশ তিওয়ারি, পৃথ্বীরাজ চৌহান, কপিল সিব্বালদের সঙ্গে দেখা যায় কেরালার সাংসদ শশী থারুর ও মনিশঙ্কর আয়ারকেও। তাঁরা আগে জি-২৩–এর কোনো বৈঠকে উপস্থিত ছিলেন না। দুজনই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ও অনুগত বলে পরিচিত। তাঁরা ছাড়াও বৈঠকে যোগ দিয়েছিলেন হরিয়ানার বিক্ষুব্ধ নেতা ভূপেন্দ্র সিং হুডা, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ, পাঞ্জাবের রাজেন্দ্র কৌর ভট্টল ও প্রাণীত কৌর, উত্তর প্রদেশের সাবেক রাজ্য সভাপতি রাজ বব্বর। জি-২৩–এর সদস্য না হয়েও বৈঠকে যোগ দেন কেরালার পি জে কুরিয়েন ও গুজরাটের শংকর সিং বাঘেলা। বৈঠকের পর এক বিবৃতিতে তাঁরা বলেন, কংগ্রেসের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে সম্মিলিতভাবে। আলোচনার মাধ্যমে। একতরফাভাবে নয়। বিজেপির বিরোধী শক্তিদের একজোট করার কাজও সক্রিয়ভাবে করতে হবে।

কিন্তু তাতে আদৌ কোনো কাজ হবে কি না, কারও জানা নেই। জি-২৩ নেতাদের ক্ষোভ, এত বছর ধরে দলের ভালো–মন্দের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের অধিকাংশের সঙ্গেই নতুন নেতৃত্ব কোনো যোগাযোগ রাখেন না। নতুন প্রজন্মের নেতারা দলকে সাফল্য এনে দিতে বারবার ব্যর্থ হচ্ছেন, অথচ পুরোনোদের দূরে সরিয়ে রাখা হয়েছে। গান্ধীদের সঙ্গে বৈঠকের জন্য মাসের পর মাস অপেক্ষায় থাকতে হয়। তাঁরা বলেন, বাস্তব পরিস্থিতির কথা বলার অর্থ দলের বিরোধিতা করা নয়। কিন্তু গান্ধী পরিবার ও তাঁদের অনুগতরা তা বুঝতে চান না।

এই ডামাডোলের মধ্যে বৃহস্পতিবার রাহুল গান্ধী ডেকে পাঠান হরিয়ানার বিক্ষুব্ধ নেতা ভূপেন্দ্র সিং হুডাকে। ৭৪ বছর বয়সী এই জাট নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বহুদিন গান্ধী পরিবারের নেকনজরে নেই। প্রদেশের রাজনীতিতে গান্ধী পরিবার নির্ভর করে কুমারী শৈলজার ওপর, হুডার মতো জনসমর্থন যাঁর নেই। ভূপেন্দ্রর ছেলে দীপেন্দ্র ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত হরিয়ানার রোহতক কেন্দ্রের লোকসভা সদস্য ছিলেন।

জি-২৩ গোষ্ঠীর বৈঠকে যোগ দেওয়ার পরের দিনেই তাঁর সঙ্গে রাহুলের বৈঠক ইঙ্গিতবাহী মনে করা হচ্ছে। কংগ্রেস মহলের খবর, সোনিয়া গান্ধীও প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন।