কংগ্রেসে যোগ দিলেন সিধু

ভারতের সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধু কংগ্রেসে যোগ দিলেন। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরই তিনি কংগ্রেসে যোগ দেন।
এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দিল্লিতে আজ রোববার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া নবজ্যোৎ সিং সিধুর। বৈঠকের পরই নবজ্যোৎ সিং সিধুর কংগ্রেসে যোগ দেওয়ার খবর বের হয়।
এর আগে পাঞ্জাব রাজ্যে কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং বলেছিলেন, পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর (পূর্ব) কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়তে পারেন সিধু।
পাঞ্জাব রাজ্যে ৪ মার্চ নির্বাচন। ফল ঘোষণা ওই মাসের ১১ মার্চ।
গত বছরের ১৮ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সিধু। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকেও পদত্যাগ করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই ওপেনার ব্যাটসম্যান। গত বছর সিধুর স্ত্রী নবজ্যোৎ কৌর সিধুও বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন।
রাজ্যসভা থেকে পদত্যাগের পর আম আদমি পার্টিতে যোগ দেওয়া-নেওয়া নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথাবার্তা চলছিল সিধুর। কিন্তু আলোচনা সফল না হওয়ায় তিনি ‘আওয়াজে পাঞ্জাব’ নামের একটি দল গঠনের ঘোষণা দিয়েছিলেন।
ক্রিকেট ছেড়ে দেওয়ার পর সিধু রাজনীতিতে যোগ দেন। ২০০৯ সালে বিজেপির প্রার্থী হিসেবে পাঞ্জাবের অমৃতসর থেকে তিনি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় জেতেন। পাঁচ বছর ধরে সাংসদ থাকার পর ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নে অরুণ জেটলির কাছে হেরে যান তিনি। কিন্তু তাঁকে দলে রাখতে বিজেপির সুপারিশে রাষ্ট্রপতি-মনোনীত প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য করা হয়। তবে তখন থেকে জেটলিকে মনোনয়ন দেওয়ায় হতাশ ছিলেন সিধু। তবে ওই নির্বাচনে অমরিন্দর সিংয়ের কাছে হেরে যান জেটলি। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ ছিল, সিধুর পথে বাধা সৃষ্টি করেছিলেন বলে জেটলি জিততে পারেননি। ধারণা করা হয়, এসব কারণে গত বছরের জুলাই মাসে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সিধু।