কংগ্রেসের আবেদনে সাড়া নেই ভারতীয় নির্বাচন কমিশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবাসীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান বিহার রাজ্যের বিধানসভার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে কংগ্রেস দলের আবেদনে সাড়া দেয়নি নির্বাচন কমিশন। কমিশনের কাছে এক আরজিতে কংগ্রেস বলেছিল, এই রেডিও অনুষ্ঠান বিহারের ভোটকে প্রভাবিত করবে। কারণ, প্রধানমন্ত্রী এর মাধ্যমে সরকারের নীতি ও সাফল্য প্রচার করেন।
নির্বাচন কমিশন সূত্রের খবর, দিল্লি ও মহারাষ্ট্রের ভোটের সময়েও এই বিষয়ে আপত্তি উঠেছিল। তবে কমিশন প্রধানমন্ত্রীর ভাষণ ও বিভিন্ন প্রশ্নোত্তর খতিয়ে দেখে এমন কিছু পায়নি যা আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করার মতো। কমিশন সূত্রে খবর, এবারেও কংগ্রেস নেতৃত্বকে বলা হবে, কোনো বিশেষ অনুষ্ঠানে বিশেষ কিছু আপত্তি করার মতো থাকলে কমিশন তা দেখবে। তবে বিহার ভোট পর্যন্ত অনুষ্ঠান বন্ধ রাখার কোনো কারণ নেই। কারণ, দিল্লি ও মহারাষ্ট্র ভোটের সময় কমিশন দেখেছে এই অনুষ্ঠানের চরিত্র সর্বভারতীয়।
গত বছরের অক্টোবর মাস থেকে নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করেন। গ্রামীণ ভারত, যেখানকার বহু মানুষ এখনো রেডিও শোনে এবং এখনো সেভাবে টেলিভিশন পৌঁছায়নি, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান মারফত সরাসরি যোগাযোগ করেন।