কংগ্রেসের উত্তর প্রদেশ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীলা দীক্ষিত
শীলা দীক্ষিত

ভারতের উত্তর প্রদেশ রাজ্য বিধানসভার ভোটের বাকি এখনো সাত-আট মাস, কংগ্রেস কিন্তু তার প্রচারাভিযান শুরু করে দিল। দলীয় সদর দপ্তর থেকে গতকাল শনিবার দুপুরে শুরু হলো বাসযাত্রা। বাসের গায়ে একটাই স্লোগান, ‘সাতাশ সাল, ইউপি বেহাল’। বাসের সওয়ারি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিত, প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বাব্বর, প্রচার কমিটির চেয়ারম্যান সঞ্জয় সিং, উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবী আজাদেরা।
উত্তর প্রদেশের বিভিন্ন শহর ও গঞ্জে জনসংযোগের মাধ্যমে গত ২৭ বছরে রাজ্যের ‘বেহাল অবস্থা’ তুলে ধরতে এই বাস চার দিন পর কানপুরে থামবে। এর দুদিন পর ২৯ জুলাই উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে আয়োজন করা হয়েছে এক বিশাল জনসভার, যেখানে ভাষণ দেবেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।
যাত্রা শুরুর আগে সঞ্জয় সিং জানান, এই যাত্রা দফায় দফায় রাজ্যের প্রতিটি কোনায় যাবে। এমনভাবে প্রচারাভিযান চালানো হবে যাতে ভোটের আগে ভোটারদের কাছে অন্তত তিন থেকে চারবার পৌঁছানো যায়।
উত্তর প্রদেশে ২৭ বছর ধরে কংগ্রেস ক্ষমতায় নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বাব্বর বলেন, ‘এই ২৭ বছরে যারা রাজ্য শাসন করেছে সেই বিজেপি, এসপি ও বিএসপি ধর্ম ও জাতপাতের ভিত্তিতে রাজ্যবাসীকে বিভাজিত করে ফেলেছে। কংগ্রেসের এই যাত্রার উদ্দেশ্য, তাদের সবাইকে জুড়ে এক জাত এক প্রাণ একতার বাণী প্রচার করা।’
কংগ্রেস এত আগে থেকে দায়িত্ব ভাগ করে কোনো রাজ্য বিধানসভার ভোট লড়েনি। তা ছাড়া দলটি সচরাচর এত আগে থেকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করে না। সেদিক থেকে এবার উত্তর প্রদেশ ব্যতিক্রম হয়ে থাকছে। কংগ্রেস শুধু আগেভাগে মুখ্যমন্ত্রী হিসেবে ৭৮ বছর বয়সী শীলা দীক্ষিতের নামই ঘোষণা করেনি, প্রদেশের দায়িত্বও তুলে দিয়েছে সাংসদ ও সাবেক অভিনেতা রাজ বাব্বরের হাতে। দলের পক্ষে রাজ্য দেখভালের দায়িত্বও অর্পিত হয়েছে প্রবীণ নেতা গুলাম নবী আজাদের ওপর। নির্বাচনী প্রচার কমিটির দায়িত্ব বর্তেছে সাংসদ সঞ্জয় সিংয়ের ওপর।
এই দায়িত্ব ভাগাভাগির মধ্য দিয়ে কংগ্রেস রাজ্যের জাতপাতের রাজনীতির সমীকরণে একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে। গত পাঁচ বছরের শাসক দল সমাজবাদী পার্টি আবার ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন সেই অখিলেশ সিং যাদব, যাঁর দল প্রধানত অনগ্রসর গোষ্ঠী ও মুসলমান সমর্থন-নির্ভর। প্রধান প্রতিপক্ষ বিএসপির মায়াবতী। দল জিতলে তিনিই হবেন মুখ্যমন্ত্রী, যাঁর সমর্থনও অনেকাংশে আসে দলিত শ্রেণি ও মুসলমানদের কাছ থেকে। এবার উত্তর প্রদেশ দখলে মরিয়া বিজেপির রয়েছে ব্রাহ্মণসহ উচ্চবর্ণের সমর্থন। তবে তারা এখনো সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম জানাতে পারেনি। তিন প্রধান প্রতিপক্ষের মোকাবিলায় কংগ্রেস বেছে নিয়েছে দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ শীলা দীক্ষিতকে। উদ্দেশ্য, উচ্চবর্ণের সমর্থন আদায়। রাজ বাব্বর ও গুলাম নবী আজাদের মাধ্যমে মুসলমান সমর্থন নিশ্চিত করার পাশাপাশি কংগ্রেস প্রথম সারিতে নিয়ে এসেছে সঞ্জয় সিংকে, যিনি উচ্চবর্ণ ঠাকুর সম্প্রদায়ের প্রতিনিধি।