ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত শুক্রবারের ভাষণ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিল। আর বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে ওই ভাষণের প্রশংসা ও সমালোচনা—দুই-ই এসেছে। খবর দ্য হিন্দু অনলাইনের।
মোদির ভাষণে ‘একঘেয়ে বিষয়বস্তু’ ছিল বলে সমালোচনা করেছেন সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। আবার একই দলের মুখপাত্র অভিষেক সিংভি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে আলোচিত হন।
প্রধানমন্ত্রী হিসেবে গত শুক্রবার প্রথমবার দিল্লির লাল কেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ দেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মোদি। ব্যতিক্রমী ও দীর্ঘ ওই ভাষণে তিনি দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেন। তিনি জাতপাত ও সাম্প্রদায়িকতার বিষ থেকে দেশকে বাঁচানোর আহ্বান জানান।
কংগ্রেসেরই মুখপাত্র অভিষেক সিংভি প্রধানমন্ত্রীর ওই ভাষণকে ‘সবার অন্তর্ভুক্তিমূলক, সমন্বয়পূর্ণ ও জাতিগত বিবাদমুক্ত’ আখ্যা দিয়ে টুইটারে মন্তব্য করেছিলেন। সরকার পরিচালনায় মোদির ৬০ দিনের অভিজ্ঞতা, তাঁর বিভিন্ন উদ্যোগ ও বক্তব্য এবং দলীয় তৎপরতাকে সিংভি ‘আশাব্যঞ্জক’ মনে করলেও তেওয়ারি বলেন, মোদির ভাষণে নতুন কোনো ধারণা, পরিকল্পনা ও উদ্যোগের প্রতিফলন ঘটেনি।
এদিকে, কংগ্রেসের আরেক নেতা ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেছেন, মোদি একটি ‘শূন্য কার্যকারিতার’ বক্তব্য দিয়েছেন। এতে নতুন কিছুই নেই।
সাম্প্রদায়িকতা প্রসঙ্গে মোদির বক্তব্য প্রসঙ্গে শাকিল বলেন, মোদির মনে রাখা উচিত তাঁর দল বিজেপির রাজনীতির ভিত্তিই হচ্ছে সাম্প্রদায়িকতা।
শাকিল অভিযোগ করেন, বিজেপি তৃণমূল পর্যায়ে সব রকমের দাঙ্গা ও বিরোধে উসকানি দিচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও সাম্প্রদায়িক বিরোধের রাজনীতিতে ভর করে ওপরে উঠেছেন।