কংগ্রেসের সঙ্গে জোটের পথে অখিলেশ যাদব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল দখলের লড়াইয়ে জিতে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার দিকে এগোচ্ছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সভাপতি ও মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কংগ্রেসের শীর্ষ নেতা গোলাম নবী আজাদ গতকাল মঙ্গলবার জানিয়ে দেন, অখিলেশের নেতৃত্বে কংগ্রেস জোট বেঁধে উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়বে।

একই সঙ্গে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিত নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। গতকাল শীলা সংবাদমাধ্যমকে বলেন, প্রতীক পাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় এখন আর দুজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর আসরে থাকার কোনো মানে হয় না। 

উত্তর প্রদেশ বিধানসভার ভোটের বাকি আর মাত্র এক মাস। সমাজবাদী পার্টির গৃহযুদ্ধের মীমাংসা হয়ে যাওয়ায় এখন নিশ্চিতভাবেই বলা যায়, এবারের ভোট হতে চলেছে আক্ষরিক অর্থেই ত্রিমুখী। পক্ষ তিনটি হচ্ছে বিজেপি, বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী-কংগ্রেস জোট। অবশ্য এই জোট বিহারের মতো ‘মহাজোটে’ও রূপান্তরিত হতে পারে। কারণ, বিজেপি ও বহুজন সমাজ পার্টিকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে অখিলেশ আরও কিছু দলের সঙ্গে জোট বাঁধতে আগ্রহী। সেগুলোর মধ্যে রয়েছে অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দল, লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল ও নিতীশ কুমারের সংযুক্ত জনতা দল।

গত সোমবার রাতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনের রায়ে দলের নাম ও নির্বাচনী প্রতীক পাওয়ার অধিকারী হয়েই অখিলেশ তাঁর বাবার সঙ্গে দেখা করতে যান। সেই সাক্ষাতের ছবি তিনি সামাজিক মাধ্যমে দিয়ে বলেন, ‘সাইকেল চলছে, চলতেই থাকবে’। গতকাল অখিলেশ বলেছেন, বাবার সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। কখনো ছিলও না।

মতপার্থক্য চলার সময় পিতা-পুত্র প্রার্থীদের যে তালিকা প্রস্তুত করেছিলেন, তার ৯০ শতাংশ নিয়েই কোনো বিরোধ নেই। 

দলে কর্তৃত্ব পুরোপুরি হারানোর পর ৭৭ বছরের মুলায়ম এখন কী করবেন তা নিয়ে আপাতত রাজ্য রাজনীতি সরগরম। দলীয় সূত্রের খবর, মুলায়ম নতুন দল গড়তে যাবেন না। কারণ, সেই সময় ও শক্তি তাঁর নেই। তা ছাড়া, তাঁর তৈরি দলের অধিকাংশই ছেলে অখিলেশের দিকে। কথা না শুনলে ছেলের বিরুদ্ধে নিজে ভোটে দাঁড়ানোর হুমকিও তিনি গত সোমবার দিয়েছিলেন। কিন্তু গতকাল সেই রকম কোনো ইঙ্গিত দেননি। বরং ৩৮ জনের নামের এক প্রার্থী তালিকা তিনি ছেলের হাতে তুলে দেন, যাতে নিজের ভাই শিবপালের নাম নেই।

আসন সমঝোতার ফর্মুলা ঠিক কী হবে আপাতত তা নিয়েই কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির কথা হচ্ছে। কংগ্রেসের দাবি ১০৫ হলেও অখিলেশ তাদের ৭৫-৮০টি আসন ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

এই জোটে বিজেপি অবশ্যই আশাহত। চতুষ্কোণ নির্বাচন হলে বিজেপির লাভ হতো বলেই তাদের ধারণা।