কংগ্রেসের সমর্থন ছাড়া সরকার গঠন হবে না: দেব গৌড়া

কংগ্রেসের সমর্থন ছাড়া কেন্দ্রে কোনো দল সরকার গঠন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জনতা দলের (ধর্মনিরপেক্ষ) প্রেসিডেন্ট এইচ ডি দেব গৌড়া। ভারতের অন্ধ্র প্রদেশের কৃষ্ণ জেলার তিরুভুরু শহরে গতকাল সোমবার তেলেগু দেশম পার্টির (টিডিপি) সমর্থন দিয়ে এক নির্বাচনী সমাবেশের উদ্দেশ্যে এ মন্তব্য করেন তিনি।
এইচ ডি দেব গৌড়া বলেন, ইউনাইটেড ফ্রন্ট সরকার প্রমাণ করেছে যে এখন আঞ্চলিক দলগুলো ক্ষমতায় আসতে পারে। বিজেপি থেকে বেরিয়ে এসে সব আঞ্চলিক দলকে ফের একীভূত হওয়ার এখনই উপযুক্ত সময়। টিডিপি প্রধান (চন্দ্রবাবু নাইডু) কেন্দ্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং আঞ্চলিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার জন্য তিনি ফের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমমনা সব আঞ্চলিক দল একীভূত হওয়ার এটাই হচ্ছে প্রধান সুযোগ।
নাইডুকে ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে দেব গৌড়া বলেন, চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপশাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর অপব্যবহার ও অন্যান্য প্রতিষ্ঠানের দুর্বলতার বিরুদ্ধে তিনি (নাইডু) কড়া ভাষায় সমালোচনা করেছেন। ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাইডুর সব ধরনের যোগ্যতা রয়েছে।
দেশে গণতন্ত্রের দুর্বলতা, ক্ষমতার অপব্যবহার, শাসন, শোষণ, হামলা-মামলাসহ মোদি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন জনতা দলের প্রেসিডেন্ট দেব গৌড়া।