কবিগুরুর জন্মোৎসবে সেজেছে মংপু রবীন্দ্র ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্রনাথের আবক্ষমূর্তি। ছবি: ভাস্কর মুখার্জি
রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্রনাথের আবক্ষমূর্তি। ছবি: ভাস্কর মুখার্জি


মংপু ছোট্ট একটি শহরের নাম। পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে শহরটি অবস্থান। বর্তমানে মংপু শহর কার্শিয়াং জেলার অন্তর্ভুক্ত। হিমালয়ের পাদদেশের পাহাড়ের ওপরের শহর মংপু অপূর্ব নৈসর্গিক শোভায় ভরপুর। চোখ জুড়িয়ে যায়। অদূরে সিকিম-চীন সীমান্ত নাথুলা পাস। এই শহরের শোভা দেখে মুগ্ধ হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি প্রাকৃতিক সৌন্দর্যের ডাকে বারবার ছুটে গিয়েছিলেন মংপুতে। সেখানে থেকেছেন। যে বাড়িতে কবিগুরু বারবার থেকেছেন, সেই বাড়ি আজ রবীন্দ্র ভবন; রবীন্দ্র জাদুঘর।

রবীন্দ্র জাদুঘরে রয়েছে কবিগুরুর নানা স্মৃতিস্মারক। প্রায় দুই বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে রবীন্দ্র ভবন তার জৌলুশ হারাতে বসেছিল। জরাজীর্ণ হয়ে পড়েছিল। সংস্কার জরুরি হওয়ায় গত বছর পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। অর্থ বরাদ্দ করে। সেই অর্থে এবার সংস্কার হচ্ছে মংপুর রবীন্দ্র ভবন বা রবীন্দ্র জাদুঘরের।

আজ মঙ্গলবার সকালে কথা হচ্ছিল দার্জিলিংয়ের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি জেলা অধিকর্তা জগদীশ রায়ের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সংস্কারের অভাব আর দার্জিলিংয়ে পৃথক গোর্খাল্যান্ডের আন্দোলনের জেরে দুই বছর বন্ধ ছিল রবীন্দ্র ভবন। গত বছর থেকে শুরু হয় সংস্কারের কাজ। এখন এই ভবনের সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে ভবনে নতুন রং করা হয়েছে। ঘরের কাঠের পাটাতন বদলে দেওয়া হয়েছে। প্রতিটি কক্ষ সাজানো হয়েছে। কবিগুরুর স্মৃতিফলক সাজানো হয়েছে।

জগদীশ রায় বলেন, ‘ভবনের সার্বিক কাজ আগামী ২২ শ্রাবণ কবিগুরুর প্রয়াণদিবসের আগেই শেষ হয়ে যাবে। তবে আমরা কবিগুরুর ১৫৮তম জন্মদিনে আগামীকাল ২৫ বৈশাখ থেকে রবীন্দ্র ভবন রবীন্দ্রভক্তদের জন্য খুলে দিচ্ছি। পর্যটকদের জন্য খুলে দিচ্ছি। কাল থেকে সবাই নবরূপে রবীন্দ্র জাদুঘর বা রবীন্দ্র ভবনকে দেখতে পারবেন।’

রবীন্দ্র ভবনটি ছিল একসময়ে সিঙ্কোনা প্ল্যান্টেশন কর্তৃপক্ষের হাতে। এই সিঙ্কোনা থেকে তৈরি হতো কুইনাইন। চাকরির সূত্রে এখানে এসেছিলেন রবীন্দ্রভক্ত লেখিকা মৈত্রেয়ী দেবীর স্বামী মনমোহন সেন। মনমোহন ছিলেন সিঙ্কোনা ফ্যাক্টরির প্রধান কুইনোলজিস্ট। তিনিই পেয়েছিলেন এই ভবন।

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মংপুতে রবীন্দ্র ভবন। ছবি: ভাস্কর মুখার্জি
পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মংপুতে রবীন্দ্র ভবন। ছবি: ভাস্কর মুখার্জি

কবিগুরু যখন কালিম্পংয়ে আসেন, তখন প্রথম মৈত্রেয়ী দেবী কবিগুরুকে আমন্ত্রণ জানিয়েছিলেন মংপুতে আসার জন্য। কবিগুরু সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। এসেছিলেন মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে। থেকেছেন এই বাসভবনে।

কবিগুরু প্রথম মংপুতে আসেন ১৯৩৮ সালের ২১ মে। তারপর ১৯৩৯ সালে আসেন দুবার। আর শেষ বা চতুর্থবার আসেন ১৯৪০ সালে। প্রতিবারই তিনি এখানে এক থেকে দুমাস থেকেছেন। থেকেছেন এই বাড়িতেই। তিনি ১৯৪০ সালে জন্মদিনও পালন করেছেন এখানে। এই বাড়িতে। লিখেছিলেন, ‘মালতীলতা দোলে’, ‘ছেলেবেলা’, ‘নবজাতক’ জন্মদিন ইত্যাদি লেখা।

১৯৪৪ সালের ২৮ মে ভবনটিকে রবীন্দ্রস্মৃতি ভবন হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে এটি রবীন্দ্র ভবন। বর্তমানে রবীন্দ্র জাদুঘর।

কবিগুরু পঞ্চমবার কালিম্পং থেকে মংপুতে আসার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আর আসতে পারেননি। ফিরে গিয়েছিলেন কালিম্পং থেকে কলকাতায়। সে সময় তিনি অবশ্য তাঁর ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র আগেভাগে পাঠিয়েছিলেন এই রবীন্দ্র ভবনে। আজও এই ভবনে কবিগুরুর পাঠানো সেসব ওষুধ সংরক্ষিত রয়েছে।

ভবনটি একতলা। ঘরের মেঝ তৈরি কাঠের পাটাতন দিয়ে। দেয়াল পাকা হলেও বাড়ির টিনের ছাউনির নিচে কাঠ দিয়ে সিলিং তৈরি করা। ঠান্ডা থেকে রেহাই পাওয়ার জন্য বাড়িটি এভাবে গড়া হয়েছিল। কুইনাইন কোম্পানিই গড়েছিল বাড়িটি। এখন এখানে কুইনাইন তৈরি হয় না। কারখানাও বন্ধ।

রবীন্দ্র ভবনের সামনে সুন্দর একটি বাগান রয়েছে। বাগানে কবিগুরুর একটি আবক্ষমূর্তি আছে। মূর্তিটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি। এই ভবনে রয়েছে কবিগুরুর ব্যবহৃত চেয়ার, খাট, বিছানাপত্র, রিডিংরুম, শয়নঘর ইত্যাদি। কবিগুরু ছবি আঁকতে যেসব রং ব্যবহার করতেন, সেসব রঙের বাক্সও রয়েছে। আছে একটি দেয়াল আলমারি। এই আলমারিতে কবিগুরু ওষুধ রাখতেন।

রবীন্দ্র জাদুঘরে রয়েছে কবিগুরুর নানা স্মৃতিস্মারক। ছবি: ভাস্কর মুখার্জি
রবীন্দ্র জাদুঘরে রয়েছে কবিগুরুর নানা স্মৃতিস্মারক। ছবি: ভাস্কর মুখার্জি

রিডিংরুমের পাশে শয়নকক্ষ। এখানে রয়েছে কবিগুরুর ব্যবহৃত একটি সিঙ্গল খাট। খাটের ওপর তোশক, বিছানা। শয়নকক্ষের পাশে বাথরুম। সে যুগে এখানে বানানো হয়েছিল ইট-বালু দিয়ে বাথটাবও। পাশে রাখা হতো গরম পানি। গরম পানির সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে স্নান করতেন কবিগুরু।

আগে মংপুতে যাওয়া কঠিন ছিল। এখন পাকা রাস্তা হয়েছে। গাড়িঘোড়া চলছে। আগে মংপু আসতে হতো হয় ঘোড়ার গাড়ি, নয় পালকি অথবা হেঁটে। শিলিগুড়ি থেকে ৪০ কিলোমিটার সড়ক ও টয়ট্রেনযোগে রাম্ভি। সেখান থেকে ১১ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো কবিগুরুকে পালকিতে করে। রাম্ভি থেকে মংপু পর্যন্ত পথ উঠে গেছে একেবারে মংপুর পাহাড়ের শীর্ষে। তখনকার পালকির সর্দার ছিলেন বর্তমান রবীন্দ্র ভবনের কেয়ারটেকার শিশির রাহুতের ঠাকুরদাদা ভীমলাল রাহুত। তাঁরই নেতৃত্বে ৮ থেকে ১০ জনে মিলে পালা করে মংপু পাহাড়ে নিয়ে আসা হতো কবিগুরুকে।

তখন রান্নাঘরটি ছিল ভবনের বাইরে। এখন নেই। এখানে ছিল কবিগুরুর উপাসনাগৃহ। উপাসনাগৃহের পেছনে ছিল বিরাট এক পাহাড়ি গাছ। কবিগুরু গাছটির নাম দিয়েছিলেন ‘সপ্তপর্ণী’। গাছটি আজও আছে।

২৫ বৈশাখ কবিগুরুর জন্মদিন। দিনকে স্মরণে রাখতে এবার এখানে আয়োজন করা হয়েছে রবীন্দ্র উৎসবের। নাচ, গান, আবৃত্তি আর আলোচনায় স্মরণ করা হবে কবিগুরুকে। এ উপলক্ষে নতুন সাজে সেজেছে মংপুর কবিগুরুর স্মৃতিবাহী রবীন্দ্র ভবন বা রবীন্দ্র জাদুঘর।