কবিগুরুর প্রয়াণ দিবসে এল গীতাঞ্জলির ব্রেইল সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে বাংলা পঞ্জিকামতে আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ আনল ‘গীতাঞ্জলি’র ব্রেইল সংস্করণ। কবিগুরুর নোবেলজয়ী কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’ এখন থেকে দৃষ্টিহীন মানুষেরাও পড়তে পারবেন।

বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের পরিচালক অমৃত সেন আজ প্রথম আলোকে বলেন, দৃষ্টিহীন মানুষদের জন্য আজ প্রকাশিত হয়েছে কবিগুরুর ‘গীতাঞ্জলি’র ব্রেইল সংস্করণ। কবিগুরু তাঁর গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পেয়েছেন। এবার সেই ‘গীতাঞ্জলি’ পড়তে পারবেন দৃষ্টিহীন মানুষেরা।

‘গীতাঞ্জলি’র ব্রেইল সংস্করণ ছাড়া আজ বিশ্বভারতী থেকে আরও প্রকাশিত হয়েছে চারটি গ্রন্থ। এর মধ্যে রয়েছে কবিগুরুর নিজের হাতে লেখা বিভিন্ন ছোটগল্পের একটি সংকলন ‘পূর্ব বাংলার গল্প’। ১৯১২ সালে ইন্ডিয়ান সোসাইটি থেকে ‘গীতাঞ্জলি’র যে প্রথম সংস্করণ বের হয়েছিল, তার হুবহু কপি বের করা হয়েছে এবার। এ ছাড়া বিশ্বভারতী নিয়ে ভারতের সংসদে জওহর লাল নেহরু, শ্যামা প্রসাদ মুখার্জি, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখদের বিতর্কের একটি সংকলন ‘বিশ্বভারতী অ্যান ওডেসি ইন পার্লামেন্ট’ প্রকাশিত হয়েছে আজ। এটি রচনা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দিলীপ সিংহ।

এ ছাড়া দিনটি পালনের জন্য শান্তিনিকেতন এবং কলকাতার জোড়াসাঁকোয় কবিগুরুর জন্মভিটা ঠাকুরবাড়িতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।

কবিগুরুর স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনের বিচিত্রা কক্ষে আজ থেকে শুরু ‘রবীন্দ্রনাথের মানপত্র’ নামে বিশেষ এক প্রদর্শনীর। এতে থাকছে কবিগুরুর অনেক অপ্রকাশিত প্রশংসাপত্র ও নথি। প্রদর্শনীতে আরও থাকছে কবিগুরুকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া ডি-লিট, জন্মের ঠিকুজি। থাকছে কবিগুরুর মহাপ্রয়াণের পর কলকাতার নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যের নথিও। এর আগে নোবেল পুরস্কার এবং নাইটহুড শংসাপত্র ছাড়া কবিগুরুর অন্যান্য শংসাপত্র নিয়ে এখন পর্যন্ত কোনো প্রদর্শনী হয়নি। এবারই প্রথম এ ধরনের আয়োজন করা হলো।

আজ সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সবুজ কলি সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর সাবেক উপাচার্য দিলীপ সিংহ।

এই প্রদর্শনীতে রয়েছে কবিগুরুকে ইন্দো-জাপানিজ অ্যাসোসিয়েশনের দেওয়া কৃতজ্ঞতা জ্ঞাপনপত্র, লর্ড হার্ডিঞ্জের চিঠিতে কবিগুরুকে নাইটহুড প্রাপ্তির সংবাদ, নাইটহুড শংসাপত্র, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শংসাপত্র, ঢাকা ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবিগুরুকে দেওয়া ডি-লিট, ইরাকের রাজধানী বাগদাদে কবিগুরুর আগমন উপলক্ষে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন ইরাকের’ পক্ষ থেকে দেওয়া অভিনন্দনপত্র, করাচিতে রবীন্দ্রনাথের আগমন উপলক্ষে করাচিবাসীর দেওয়া মানপত্র, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বঙ্গীয় সাহিত্য পরিষদের দেওয়া শ্রদ্ধার্ঘ্য, ‘ভারত ভাস্কর’ সম্মানসহ একাধিক প্রশংসাপত্র।

আজ কবিগুরুর ৭ হাজার ৫০০ চিঠি নিয়ে বেসরকারি উদ্যোগে প্রকাশিত হয়েছে ‘রবীন্দ্রপত্র প্রভাব ও তথ্যপঞ্জি কালানুক্রমিক’। এটি লিখেছেন বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের সাবেক কিউরেটর গৌরচন্দ্র সাহা।

বিকেলে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন চত্বর সবুজায়নের লক্ষ্যে উদ্বোধন হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচির। এই কর্মসূচিতে যোগ দেবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ‘হলকর্ষণ’ উৎসব। শস্য উৎপাদনের লক্ষ্য নিয়ে এই উৎসব শুরু করেছিলেন কবিগুরু নিজে। কালকের এই উৎসবে থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিসহ বিশিষ্টজনেরা।