ভারতের পাঞ্জাব রাজ্যের নির্বাচনী-দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন প্রবীণ কংগ্রেস সাংসদ কমলনাথ। তাঁর জায়গায় আরেক প্রবীণ নেত্রী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে দায়িত্ব দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে আপাতত শুরু হয়েছে জল্পনা। শীলা গতকাল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন।
এই সপ্তাহেই কমলনাথ ও গোলাম নবী আজাদকে দলের সাধারণ সম্পাদক নিযুক্ত করে যথাক্রমে পাঞ্জাব-হরিয়ানা ও উত্তর প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কমলনাথের নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়। ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যার পর দিল্লিতে যে শিখবিরোধী দাঙ্গা হয়, তাতে কমলনাথের সংস্রব নিয়ে অভিযোগ উঠেছিল। পাঞ্জাবের শাসক অকালি দল এবং দিল্লির আম আদমি পার্টি এই নিয়োগের যথার্থতা নিয়ে প্রশ্ন তুললে কমলনাথ গত বুধবার দায়িত্ব ছেড়ে দেন। বৃহস্পতিবার সকালে শীলা দীক্ষিত দেখা করেন সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে। দলের মুখপাত্র আনন্দ শর্মা এই প্রসঙ্গে স্পষ্ট করে হ্যাঁ বা না কিছুই বলেননি। ফলে জল্পনা অব্যাহত।
শীলার বয়স ৭৮। জন্ম পাঞ্জাবে। টানা তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁকে ঘিরে কোনো বিতর্কও নেই। আবার বিবাহ সূত্রে শীলা উত্তর প্রদেশের রাজনীতিক উমাশঙ্কর দীক্ষিতের পুত্রবধূ। কংগ্রেসের নির্বাচনের দায়িত্ব যাঁকে দেওয়া হয়েছে, সেই প্রশান্ত কিশোর কোনো ব্রাহ্মণকে মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড় করিয়ে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। ফলে শীলাকে উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হবে কি না, সেই জল্পনাও চলেছে দিনভর।