করাচিতে চীনের ডুবো-যুদ্ধজাহাজ, অস্বস্তিতে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল আর্থে গত বছরের মে মাসে তোলা একটি ছবিতে পাকিস্তানের করাচি বন্দরে চীনের একটি পরমাণু বিদ্যুৎ-চালিত ডুবো-যুদ্ধজাহাজ দেখা গেছে। ভারতের ‘নাকের ডগায়’ চীনের সামরিক ডুবোজাহাজের এ উপস্থিতি নয়াদিল্লিকে অস্বস্তিতে ফেলেছে।

মনে করা হচ্ছে, এ অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান সামরিক প্রাধান্যকে চীন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

ভারতের নৌ বিশেষজ্ঞরা বলেছেন, ভারত মহাসাগরে এই ডুবো-যুদ্ধজাহাজের উপস্থিতি ভারতের সঙ্গে চীনের ‘আক্রমণাত্মক প্রতিদ্বন্দ্বিতার’ প্রকাশ। গত মাসে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা বলেন, চীনের জাহাজ ও ডুবোজাহাজের উপস্থিতিকে ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাঁরা উড়োজাহাজ ও ডুবোজাহাজের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।  

পরমাণু বিদ্যুতে চলে বলে টর্পেডো ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত এ ধরনের ডুবোজাহাজের জ্বালানি নেওয়ার ঝক্কি পোহাতে হয় না। ফলে এটি মাসের পর মাস শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে সাগরের নিচে থাকতে পারে।

  করাচির পোতাশ্রয়ে যে চীনা ডুবোজাহাজটি দেখা গেছে সেটি নৌবাহিনীর ০৯১ হান শ্রেণির। এটি প্রথম শ্রেণির ডুবো-যুদ্ধজাহাজ।