করুণাস্বামীর শপথে আমন্ত্রিত মমতা, সোনিয়া, রাহুল, চন্দ্রবাবু, মায়াবতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেস-জেডিএস জোটের মনোনীত প্রার্থী এইচডি করুণাস্বামী
কংগ্রেস-জেডিএস জোটের মনোনীত প্রার্থী এইচডি করুণাস্বামী

ভারতের কণার্টকে উল্টে গেছে পাশার দান। বিজেপির বিএস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার ঘোষণার পরই রাজ্যপালের কাছে সরকার গঠনের আরজি নিয়ে যান কংগ্রেস-জেডিএস জোটের মনোনীত প্রার্থী এইচডি করুণাস্বামী। আগামী বুধবার শপথ নিতে পারেন তিনি। সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের তাবত বিজেপিবিরোধী রাজনীতিকদের। 

করুণাস্বামীর বাবা হলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। গত শতাব্দীর শেষ দিকে বিজেপিবিরোধী জোটের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তিনি। গতকালই ৮৫ বছর পূর্ণ হলো তাঁর। জন্মদিনের পরদিনই ছেলের মুখ্যমন্ত্রী হওয়ার খবর পেলেন তিনি। এখন করুণাস্বামীর শপথ অনুষ্ঠানকে ঘিরে বিজেপিবিরোধী জোট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এই সম্ভাবনা তৈরি করেছেন করুণাস্বামী নিজেই। আগামী বুধবার শপথ নেবেন তিনি। এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ও তাঁর মা সোনিয়া গান্ধীকে। আমন্ত্রণ গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতীর কাছে। সব মিলিয়ে করুণাস্বামীর শপথ অনুষ্ঠান হয়ে দাঁড়াবে এক অর্থে বিজেপিবিরোধী মঞ্চ।
এর আগে ঠিক ছিল ২১ মে সোমবার শপথ নেবেন করুণাস্বামী। কিন্তু কংগ্রেসের সাবেক সভাপতি রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী হওয়ায় দিনটি পরিবর্তনের জন্য অনুরোধ করেন কংগ্রেস নেতারা। এই অনুরোধ মেনেও নেন করুণাস্বামী। উল্লেখ্য ১৯৯১ সালে নির্বাচনী প্রচারের সময় তামিলনাড়ুর শ্রীপেরেমবুদুরে এলটিটিই জঙ্গিদের আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী।
এদিকে সরকার গঠনের জন্য বিধানসভার আস্থা ভোটে জয়ী হওয়ার প্রয়োজন ছিল ‘সদ্য সাবেক’ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার। শনিবার বিকেলে আস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিধানসভায় আবেগপূর্ণ ঘোষণায় ইয়েদুরাপ্পা বলেন, ‘আমি অনেক সংগ্রাম করে এই অবস্থায় এসেছি। ক্ষমতা হারালেও আমি কিছু হারাব না। আমি সোজা গভর্নর হাউজে গিয়ে পদত্যাগপত্র জমা দেব।’
কংগ্রেস-জেডিএস জোটের মনোনীত মুখ্যমন্ত্রী প্রার্থী এইচডি কুমারাস্বামীর উদ্দেশ্যে ইয়েদুরাপ্পা বলেন, ‘প্রিয় কুমারাস্বামী, আমি একজন যোদ্ধা এবং শেষ নিশ্বাস পর্যন্ত আমি সংগ্রাম করে যাব।’ পদত্যাগের ঘোষণা দেওয়ায় ইয়েদুরাপ্পা হলেন দ্বিতীয় ক্ষণস্থায়ী মুখ্যমন্ত্রী। ১৯৯৮ সালে বিজেপির বিরোধিতা করে মাত্র এক দিনের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন জগদম্বিকা পাল।
ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে ১০৪টি আসন পেয়েছিল বিজেপি। অন্যদিকে ১১৬টি আসন পায় কংগ্রেস-জেডিএস জোট। নিয়ম অনুযায়ী সরকার গঠনের সুযোগ চেয়ে রাজ্যপালের কাছে আবেদন করে এই জোট। কিন্তু রাজ্যপাল গত বুধবার ডাকেন বিজেপির ইয়েদুরাপ্পাকে। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়ে নেন। এ নিয়ে আদালতে যায় কংগ্রেস-জেডিএস। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ গতকাল শুক্রবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেন।
তবে বিজেপির মনোনীত মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা গতকাল পর্যন্ত আস্থা ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেছিলেন, এ বিষয়ে শতভাগ নিশ্চিত বিজেপি। অবশ্য নিন্দুকেরা বলছেন, শনিবার আস্থা ভোট হলে তাতে ইয়েদুরাপ্পার হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল। আর সেই আশঙ্কা থেকেই ইয়েদুরাপ্পার এই পদত্যাগ।