করের বোঝা চাপাতে চান না জেটলি
বাজেটে মধ্যবিত্তদের ওপর করের বোঝা চাপাতে চান না ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতকাল শনিবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জেটলি এ কথা বলেন।
অরুণ জেটলি বলেন, মানুষের হাতে টাকা বেশি থাকলে করের পরিসর বাড়ানো যেত। রাজস্ব চ্যালেঞ্জের মুখে থাকলেও করের আওতা বাড়াতে রাজি নন তিনি। বরং তিনি এ ক্ষেত্রে যতটা সম্ভব ছাড় দিতে চান।
উচ্চকর আরোপ না করার যুক্তি দিতে গিয়ে মন্ত্রী বলেন, সরকার উচ্চকরের অর্থনীতিতে বিশ্বাসী নয়। তারা মানুষের পকেটেই তাদের টাকা রাখতে চায়। এতে করে অর্থনীতি সচল থাকে।
জেটলি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর অর্থনৈতিক আদর্শ হলো কম কর আদায় করা। তাতে করে মানুষ খরচও করতে পারে, জমাতেও পারে। এভাবে অর্থনৈতিক অবস্থা সচল থাকে। এর ব্যাখ্যা দিয়ে জেটলি বলেন, একজন ব্যক্তি গড়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকা মাসে আয় করে। যদি কেউ এই টাকা থেকে সঞ্চয় করতে চায়, তাহলে সে কর দিতে পারবে না। আর বাস্তবতা হলো, প্রতিদিনের খরচ মেটাতে গিয়ে বেশির ভাগ মানুষের পক্ষেই সঞ্চয় করা সম্ভব হয় না।
তাই যদি মানুষের ওপর থেকে করের বোঝা কমানো হয়, তাহলে তারা আরেকটু বেশি খরচ করতে পারবে। এভাবে মানুষের কাছ থেকে অনেক বেশি পরোক্ষ কর আদায় করা সম্ভব হবে। এটি অর্থনীতিকে গতিশীল করবে।
মন্ত্রী আরও জানান, সরাসরি কর না নিলেও মানুষ পরোক্ষভাবেও কর দিয়ে থাকে। পণ্যের ওপর শুল্ক দেয়, আমদানি-রপ্তানি শুল্ক দেয়। তাই আয়করকে বেশি গুরুত্ব দিতে চায় না সরকার।
সামনের বছরের ফেব্রুয়ারি মাসে বাণিজ্যমন্ত্রী নির্মলা সিতারমনের সঙ্গে অরুণ জেটলি তাঁর প্রথম বাজেটটি পেশ করবেন।