করোনা থেকে বাঁচতে সাপ খেয়ে গুনতে হলো জরিমানা
অনলাইনে একটি ভিডিওতে শুনেছেন সাপে করোনা প্রতিরোধের উপাদান রয়েছে। এরপর সাপ খেয়ে ফেললেন ভারতের তামিলনাড়ুর এক ব্যক্তি। তাঁর সাপ খাওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর গ্রেপ্তার হয়ে সাত হাজার রুপি জরিমানা গুনতে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছর বয়সী কৃষিশ্রমিক ভাদিভেল তামিলনাড়ুর তিরুনেলভেইল জেলার পেরুমালপাত্তি গ্রামের বাসিন্দা।
গত সপ্তাহের শুরুর দিকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে পরিবেশবিদেরা ক্ষুব্ধ হন। তাঁরা পুলিশকে অবগত করার পর ভাদিভেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে সাত হাজার রুপি জরিমানা করা হয়।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাদিভেল মাঠ থেকে সাপটিকে ধরে মারার পর সেটি খেয়েছেন বলে জানিয়েছেন।
তবে মাদুরাই জেলা বন কর্মকর্তা এস আনন্দ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, সাপটি মৃত অবস্থায় নালায় পড়ে ছিল। ঘটনার সময় ভাদিভেল মাতাল ছিলেন। অন্যদের প্ররোচনায় তিনি কাজটি করেছেন। ভাগ্য ভালো যে খাওয়ার সময় ভাদিভেল সাপের বিষগ্রন্থিতে কামড় বসাননি। ওই বিষগ্রন্থি থেকেই এটি বিষধর সাপ বলে শনাক্ত হয়েছে। যারা তাঁকে এটি খেতে প্ররোচিত করেছে, তারা তাঁকে কোভিড সম্পর্কে ভুল তথ্য দিয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতে করোনাভাইরাস নিয়ে দিন দিন ‘মিথ্যা তথ্য’ বা ভুল খবর ও তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে।
এখনো করোনাভাইরাস থেকে মুক্তির কোনো উপায় বের হয়নি। তবে বিভিন্ন ধরনের টিকা আবিষ্কার হয়েছে। চিকিৎসকেরা বলছেন, সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা ও সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া করোনা থেকে সুরক্ষা দিতে পারে।