একটি সরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছেন এক বাবা। তাঁর কাঁধে পাঁচ মাস বয়সী মেয়েসন্তানের মরদেহ। বাবার অভিযোগ, দুই ঘণ্টা ধরে কোনো চিকিৎসক তাঁর সন্তানকে ধরেও দেখেননি। যে কারণে তাঁর সন্তান শেষ পর্যন্ত মারা গেছে। অবশ্য স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের একটি জেলায়। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
উত্তর প্রদেশের এই জেলার নাম বড়বাঁকি। রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে এই জেলার অবস্থান। গতকাল রোববার বিকেলে রাজ্যের বড়বাঁকি জেলায় সরকার পরিচালিত একটি হাসপাতালে ঘটনাটি ঘটে। হাসপাতালটিতে করোনা রোগীদের জন্যও চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
বড়বাঁকি জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বি কে এস চৌহান অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়ে তা অস্বীকার করেন। তাঁর দাবি, শিশুটিকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত অবস্থায় পেয়েছেন।
ঘটনাস্থলে থাকা লোকজন মোবাইল ফোনে হতভাগ্য বাবার একাধিক ভিডিও ধারণ করেছেন। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বাইরে সন্তানের মরদেহ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি কাঁদছেন। ভিডিওতে তাঁর স্ত্রীকেও দেখা যায়। তিনি কিছুটা দূরে শোকে মুহ্যমান হয়ে বসে আছেন।
একটি ভিডিওতে ভুক্তভোগী বাবাকে বিলাপ করে বলতে শোনা যায়, সবাই শুধু করোনা নিয়ে কথা বলছে। কিন্তু করোনার ভয়ে একজনও রোগীকে স্পর্শ পর্যন্ত করতে চান না। একজন চিকিৎসকও তাঁর মেয়ে শিশুটিকে দেখলেন না। মেয়েটা খাট থেকে পড়ল। আর মারা গেল।
বাবা প্রশ্ন করেন, ‘এ কেমন ব্যবস্থা?’
দ্বিতীয় ভিডিওতে শিশুটির বাবাকে বলতে শোনা যায়, ‘দুই ঘণ্টা পার হলো। একজন চিকিৎসকও এলেন না। কেউ একজন বলেছেন, ধৈর্য ধরুন। আমার সন্তান মারা গেল। আর এখন আমার ধৈর্য ধরা উচিত?’
তৃতীয় ভিডিওতে দেখা যায়, একদল পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তির সঙ্গে কথা বলছেন। এক পুলিশকে বলতে শোনা যায়, এ কেমন নাটক?
তখন শিশুটির বাবা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়ে মারা গেছে। আর আপনি বলছেন এটা নাটক!’
পরে একই পুলিশ ভুক্তভোগী ব্যক্তিকে শান্ত হতে বলেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেন।