করোনাযোদ্ধাদের ভারতের তিন বাহিনীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে কলকাতার রাজারহাটের নিউ টাউনে করোনা চিকিৎসাকেন্দ্র চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট এবং কলকাতার আলিপুরের কমান্ড হাসপাতালে পুষ্পবৃষ্টি করা হয়। ছবি: ভাস্কর মুখার্জি
বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে কলকাতার রাজারহাটের নিউ টাউনে করোনা চিকিৎসাকেন্দ্র চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট এবং কলকাতার আলিপুরের কমান্ড হাসপাতালে পুষ্পবৃষ্টি করা হয়। ছবি: ভাস্কর মুখার্জি

করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড–১৯ রোগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং এ–সংক্রান্ত দায়িত্ব পালনে নিয়োজিত সাংবাদিক ও পুলিশকে পুষ্পবৃষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ভারতের তিন বাহিনী। গতকাল রোববার এই শ্রদ্ধা জানানো হয়। 
বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে গতকাল সকালে কলকাতার রাজারহাটের নিউ টাউনে করোনা চিকিৎসাকেন্দ্র চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউট ও কলকাতার আলিপুরের কমান্ড হাসপাতালে পুষ্পবৃষ্টি করা হয়।
আকাশ থেকে ছড়িয়ে দেওয়া হয় ফুল আর ফুলের পাপড়ি। এ সময় হাসপাতাল চত্বরে অপেক্ষমাণ মানুষ তালি দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানায়।
তিন বাহিনী দেশের বিভিন্ন রাজ্যের করোনা চিকিৎসাকেন্দ্রে ফুল ও ফুলের পাপড়ি ছড়িয়ে দেয়। সকালে রাজধানী নয়াদিল্লির পুলিশ মেমোরিয়ালে ভারতীয় সেনাবাহিনীর তিন প্রধান এই কর্মসূচির সূচনা করেন।
এরপরই ভারতের যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে ফুল ও ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়। বেজে ওঠে সেনাবাহিনীর ব্যান্ড। এরপর দিল্লির এইমস হাসপাতাল, গঙ্গারাম হাসপাতাল, রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ও দীনদয়াল উপাধ্যায় হাসপাতালসহ বিভিন্ন করোনা চিকিৎসাকেন্দ্রের ওপর আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হয়।

হাসপাতাল চত্বরে অপেক্ষামাণ মানুষ হাততালি দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানায়। ছবি: ভাস্কর মুখার্জি
হাসপাতাল চত্বরে অপেক্ষামাণ মানুষ হাততালি দিয়ে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানায়। ছবি: ভাস্কর মুখার্জি

একইভাবে মুম্বাইয়ের কিং এডওয়ার্ড হাসপাতাল, কস্তুরবা গান্ধী হাসপাতালসহ অন্যান্য করোনা চিকিৎসার হাসপাতালেও পুষ্পবৃষ্টি করা হয়। গোয়ার রানওয়েতে মানববন্ধন করা হয়। চণ্ডীগড়ের সুকনা লেকেও পুষ্পবৃষ্টি হয়। কোচি, বিশাখাপট্টনম, কলকাতা, গুয়াহাটি, শিলং, ইটানগর, আহমেদাবাদ, গান্ধীনগর, কেরালা, তিরুবনন্তপুরম, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, হরিয়ানা ও জম্মু কাশ্মীরের শ্রীনগর, ডাল লেক এলাকায় করোনা চিকিৎসাকেন্দ্রে পুষ্পবৃষ্টির মাধ্যমে করোনাযোদ্ধাদের অভিনন্দন জনানো হয়। নৌবাহিনীও গুজরাটের পোরবন্দর, নিউ ম্যাঙ্গালোর, চেন্নাই, পদুচেরি, পারাদ্বীপ, গোপালপুর, পুরী, সাগর, পোর্টব্লেয়ার, মায়াবন্দর, হার্ব বেসহ ২৪টি পুষ্পবৃষ্টিতে অংশ নেয় ভারতের বিমানবাহিনীর মিগ-১৭ হেলিকপ্টারসহ সুখোই-২০, এমকেআই, মিগ-২৯ এবং জাগুয়ার যুদ্ধবিমান।

ভারতীয় সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত এবং ভারতের স্থল, নৌ ও বিমানবাহিনীর তিন প্রধানের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। শুক্রবার এই কর্মসূচির কথা ঘোষণা করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। দিল্লিতে সকালে এই পুষ্পবৃষ্টিতে হেলিকপ্টার ছাড়া বিভিন্ন যুদ্ধবিমানও অংশ নেয়।