করোনার তথ্য গোপন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত

করোনার তথ্য গোপন নিয়ে এ পর্যন্ত ভারতের ২৮টি রাজ্যে তেমন প্রতিবাদ না হলেও পশ্চিমবঙ্গে বিষয়টি এখন তুঙ্গে। বিরোধী দলগুলো বারবার অভিযোগ তুলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেপে যাচ্ছেন এই রাজ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণের বিষয়। কেন এমনটা করছেন মমতা? এর জবাবও এসেছে বিরোধীদের মুখ থেকে।
বিরোধীরা মনে করছেন, মমতা নিজেকে একজন সফল করোনাযোদ্ধা হিসাবে প্রতিষ্ঠিত করতেই তথ্য গোপন করছেন। অন্য রাজ্যগুলোর চেয়ে মৃত্যুহার কম, সংক্রমণের সংখ্যা কম, দেশবাসীর কাছে এটাই প্রমাণ করতে চাইছেন মমতা। করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা ধামাচাপা দেওয়ার বিষয়টি এবার ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।
গত শুক্রবার রাজ্যপাল ধনখড় এক টুইটে বলেন, ‘৩০ এপ্রিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে লেখা হয়, রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭২। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন। মারা গেছেন ৩৩ জন। একই দিন রাজ্য সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রতিবেদন আকারে জানায়, এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩১ জন। ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের হিসেবে দেখা দেয় গরমিল। তাই রাজ্যপালের প্রশ্ন ছিল, এই রাজ্যে মৃত এবং রোগমুক্ত ব্যক্তিদের সংখ্যা ধরলেও ৯৩১ হয় না। কাজেই এটা স্পষ্ট যে রাজ্য সরকার এই রাজ্যের করোনায় সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা লুকোতে চাইছে।’
রাজ্যপাল লিখেছেন, করোনার মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা স্বচ্ছভাবে প্রকাশ করুক রাজ্য সরকার। ধামাচাপা দেওয়ার বদলে স্বচ্ছতা আনুক মৃত ও সংক্রমিত মানুষের তালিকায়। এই দ্বিমুখী রিপোর্টের জেরে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মৃতের সংখ্যা ৩৩ জন বলা হলেও তা আরও বেশি বলে মনে করছেন। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলাও হয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয় অবশেষে গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানায়, করোনায় সন্দেহজনক মৃত্যু হিসেবে ১০৫ জন রোগীর রিপোর্ট পাঠানো হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিশেষ কমিটির কাছে। সেখান থেকে ওই ১০৫ জনের মৃত্যুর রিপোর্ট পর্যালোচনা করে বলা হয়, করোনায় মারা গেছেন ৩৩ জন। আর অন্যরা মারা গেছেন করোনার সঙ্গে অন্যান্য রোগে।
ফলে এই মৃত্যু সংখ্যা নিয়ে রাজনীতিতে তোলপাড় শুরু। এসব ঘটনার মধ্যে ১ ও ২ মে করোনায় মৃত্যু ও সংক্রমণ নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর কোনো বুলেটিন প্রকাশ করেনি। গতকাল শনিবার এক বুলেটিনে শুধু এটুকু বলা হয়, শুক্রবার এই রাজ্যে মারা গেছেন আটজন আর শনিবার মারা গেছেন সাতজন। সব মিলিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮। তবে গতকাল আর সংক্রমণের সংখ্যা বা এখন পর্যন্ত কতজন সংক্রমিত, এর কোনো হিসাব দেওয়া হয়নি।
রাজ্যপালের ওই মন্তব্যের পর ক্ষুব্ধ হয়েছেন তৃণমূলের চিকিৎসক সাংসদ শান্তনু সেন। তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, ‘এরপর থেকে অশোক স্তম্ভের পরিবর্তে রাজ্যপালের পদ্মফুল ব্যবহার করা উচিত। ১৯৫০ সালে ভারতীয় সংবিধান তৈরি হওয়ার পর কোনো রাজ্যে কেন্দ্রীয় সরকারের আজ্ঞাবহ এ ধরনের রাজ্যপাল দেখেনি। যিনি জাতীয় বিপর্যয়ের সময় তার রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করতে ব্যস্ত থাকেন।’
শান্তনু সেন রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, ‘উনার মেরুদণ্ড সোজা নয়, তাই কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করার সাহস নেই, কেন ত্রুটিপূর্ণ কিট পাঠানো হলো এই রাজ্যে?’
২৩ ও ২৪ এপ্রিল রাজ্যপাল ওই দুটি চিঠি দিয়েছিলেন মমতাকে। গতকাল মমতা সেই দুটি চিঠির ২০টি অভিযোগের জবাবে জানিয়ে উত্তর দিয়েছেন। এতে বলা হয়, রাজ্যেপালের চিঠির ভাষা নজিরবিহীন ও অপমানজনক। নির্বাচিত সরকারের ক্ষমতা মেনে নিতে না পারলে তাঁকেও মনোনীত পদের বদলে নির্বাচিত হয়ে আসতে হবে। স্বাধীন দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী সম্পর্কে রাজ্যপালের এ রকম মনোভাবের নজির নেই।’
পরে মুখ্যমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে করোনা মোকাবিলায় তাঁর সহযোগিতা চেয়েছেন।
রাজ্যপাল মমতার পাঠানো চিঠির বিষয়ে আরেক টুইটে বলেন, ‘এই মুহূর্তে বিতর্ক সরিয়ে রেখে মানুষকে দুর্দশা থেকে মুক্ত করায় মন দিতে হবে।