করোনার মোকাবিলায় ভারতে 'ভালোর' মাত্রা বাড়ানোই লক্ষ্য!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর কোনো আহ্বানে দলমত-নির্বিশেষে দেশের সবাই এভাবে সাড়া আগে কখনো দেয়নি। সেই নিরিখে রোববার, ২২ মার্চের ‘জনতা কারফিউ’ আঠারো আনা সফল। এই সাফল্যের ওপর ভর করেই ভারতে করোনা-মোকাবিলার পরবর্তী ব্যবস্থাগুলো ঘোষিত হতে চলেছে।
তার একটা ইঙ্গিত আগেভাগেই শুনিয়ে রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবারই তিনি বলেছেন, প্রয়োজনে এইভাবে দিল্লি বন্ধের ঘোষণার কথা আগামী দিনেও তিনি ভাববেন।
শুধু দিল্লি নয়, বিভিন্ন রাজ্যে ‘লক ডাউনের’ এমন ভাবনা উঁকি মারতে শুরু করেছে। কোথাও কোথাও ছোট আকারে ব্যবস্থা গ্রহণ শুরুও হয়েছে। যেমন মহারাষ্ট্র ও পাঞ্জাব। এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা খুব বেশি জোর দিয়েছেন লোক চলাচল যথাসম্ভব কম করার দিকে। সে জন্য দুই রাজ্যই সরকারি যান, রাজ্যের ভেতর ও বাইরে চলা ট্রেন এবং আন্তঃরাজ্য বাস চলাচল নিয়ন্ত্রণের দিকে নজর দিয়েছে। পাঞ্জাবের কেউ যাতে রাজ্য থেকে বেরোতে বা ঢুকতে না পারে সে জন্য সব ধরনের আন্তঃরাজ্য পরিবহন সেবা চলতি মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রাজস্থান এমনই এক রাজ্য যেখানে দিল্লির পরেই সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ভিড় করেন। ওই রাজ্যে আচমকাই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী ভেবেছেন, দিন কয়েকের জন্য গোটা রাজ্যের জনজীবন স্তব্ধ করে দেবেন। টোটাল লকডাউন। ভারতে করোনাতঙ্কের তৃতীয় সপ্তাহে এটা অন্তত স্পষ্ট, বিশ্বজোড়া এই মারণ রোগ প্রায় সবাইকে ভয় পাইয়ে দিয়েছে। নিষেধাজ্ঞা পালনে আইন ও ভক্তির চেয়ে ভয় যে অনেক বেশি কার্যকর, নতুন করে তা আবার প্রমাণিত। শেষ পর্যন্ত এই ভয়ই করোনা প্রতিরোধে ভারতকে সাফল্যের মুখ দেখাতে পারে।
কিন্তু পাশাপাশি এ কথাও বলতে হবে, চীনের হাহাকার দেখার পরেও বেশ কিছুটা সময় ভারত হেলায় কাটিয়ে দিয়েছে। আগেভাগে প্রতিরোধের ব্যবস্থা নেয়নি। এর একটা কারণ সম্ভবত, দেশ-বিদেশের সীমানা পেরিয়ে করোনা যে এমন ভয়াবহ চেহারা নিতে পারে, সেই ধারণা না থাকা। শুধু ভারতই বা বলি কেন, পশ্চিমা কোনো দেশের ভাবনাতেও তা আশ্রয় পায়নি। এই ধারণা না থাকার একটা সম্ভাব্য কারণ আফ্রিকার চার-পাঁচটা দেশের বাইরে ‘ইবোলা’ ভাইরাসের ছড়িয়ে না পড়া। বছর পাঁচেক আগের ওই মহামারি আফ্রিকায় ১২ হাজারের মতো মানুষের প্রাণ নিয়েছিল। করোনা যে এমন সর্বব্যাপী হতে পারে তা না বুঝতে পারা অবশ্যই এক সার্বিক ব্যর্থতা। কিন্তু পাশাপাশি এটাও স্বীকার করতে হবে, ভারতের মতো দেশে স্বাস্থ্য খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ হওয়া উচিত, বহু বছর ধরেই তা অবহেলিত।
এই অবহেলার জন্যই রাজ্যে রাজ্যে চটজলদি যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে অব্যবস্থার পাশাপাশি থেকে যাচ্ছে ব্যাপক সব ফাঁকফোকর। যেমন কোয়ারান্টিন শিবির। দিল্লিতে এমন শিবিরের বেশ কিছু ছবি মিডিয়ায় ছাপা হয়েছে যেখানে টানা পনেরো দিন তো দূরের কথা, একটা দিনও কাটানো যায় না! এমনই অস্বাস্থ্যকর পরিবেশ! দুর্গন্ধে শ্বাস নেওয়া কঠিন। বিদেশ থেকে ফেরা কোনো মানুষকে এমন পরিবেশে থাকতে বাধ্য করলে যা হওয়ার তাই হয়েছে। বেশ কিছু মানুষ চোখে ধুলো দিয়ে কেটে পড়েছে। এইভাবে চলে যাওয়া, অথবা পরিস্থিতিকে গুরুত্ব না দেওয়া অন্য বিপদের দরজা জানলা যে হুট করে খুলে দিচ্ছে, সেই বোধটুকু অনেকের মধ্যে নেই। অজ্ঞতা এক জিনিস। কিন্তু উপেক্ষা ও অগ্রাহ্য অন্য বিপদের জন্ম দেয়। ভারতের মতো জনবহুল দেশে তা মারাত্মক আকার নিতে পারে। সৌভাগ্য, এখনো পর্যন্ত তা হয়নি। কিন্তু হতে কতক্ষণ?

এখনো পর্যন্ত এই না-হওয়ার পেছনে একটা বড় কারণ সব মহলে বিপদটা অনুধাবিত হওয়া। এই ক্ষেত্রে কমিউনিটি নেতারা একটা বড় ভূমিকা পালন করছেন। বিশেষ করে ধর্মপ্রাণ ভারতীয়রা। দেশের যে সব বড় বড় তীর্থ ক্ষেত্রে বছরের প্রায় প্রতিটি দিন হাজার হাজার মানুষ ভিড় করেন, সেগুলো বন্ধ রাখা হয়েছে। মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, জম্মুর বৈষ্ণো দেবী বন্ধ। দেশের যেখানে যেখানে স্বামীনারায়ণ মন্দির রয়েছে সব বন্ধ। এমনকি, বিদেশেও। বন্ধ করে দেওয়া হয়েছে অজন্তা-ইলোরা গুহা মন্দির। মধ্য প্রদেশে উজ্জয়ীনির মহাকাল মন্দিরও বন্ধ। কলকাতার কালীঘাট, দক্ষিণেশ্বরের মন্দির খাঁ খাঁ করছে। দেশের বড় বড় সব গির্জা বন্ধ করে দিয়েছে প্রার্থনা। বড় বড় মসজিদের ইমামেরা বারবার নির্দেশ দিচ্ছেন নিজ গৃহে নামাজ আদায়ের জন্য। মক্কা-মদিনা বন্ধ করে দেওয়া তাঁদের বাড়তি উৎসাহ দিয়েছে। ভারতের মতো দেশে ধর্মাচরণ সব সময় একটা স্পর্শকাতর বিষয়। সুখের কথা, সব ধর্মীয় নেতা তা অনুধাবনই শুধু করেননি, নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতে যথাসাধ্য করছেন।
সচেতনতা বাড়াতে প্রচারের তীব্রতা যতটা হওয়া প্রয়োজন, সুখের কথা, ভারতে সর্বত্র তা সফল। সরকারি স্তরে তো অবশ্যই, বেসরকারি স্তরেও সচেতনতা বৃদ্ধির প্রচারে খামতি নেই। খামতি যতটুকু তা অন্যত্র। ভারতের মতো জনবহুল রাষ্ট্রে করোনার পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে কি না, তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মনে সম্ভবত কিঞ্চিৎ সন্দেহ আছে। অমূলকও নয়। কমিউনিটি স্প্রেড হচ্ছে কি না, হলেও কতটা, সে বিষয়েও সংশয় থাকতে পারে। অসুস্থদের ঠিকঠাক চিকিৎসা দেওয়া কতটা সম্ভব হচ্ছে, চিকিৎসা সংক্রান্ত বিধিনিষেধ কতটা মানা হচ্ছে, ধনী-দরিদ্রের মধ্যে ফারাক হচ্ছে কি না, এসব বিষয় যেমন উঠছে, তেমনই উঠছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো মহামারি ঠেকাতে নিজেদের উপযুক্ত করে তুলতে পারছে কি না। ঠিকঠাক মোকাবিলার জন্য সব হাসপাতালকে শুধু মাত্র অতি জরুরি অস্ত্রোপচার করতে সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চিকিৎসক ও অন্যরা করোনা আক্রান্তদের দিকে মনোযোগী হতে পারেন। জনতা কারফিউয়ের দিন বিকেল পাঁচটায় প্রত্যেককে বাড়ির বারান্দা বা ছাদে এসে কাঁসর-ঘণ্টা অথবা থালা-বাসন বাজিয়ে শব্দ করার যে অনুরোধ প্রধানমন্ত্রী করেছেন, তা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে সম্মান জানাতে। এটা বোঝাতে, ওঁরা দিবারাত্র এক করে চিকিৎসা করছেন বলেই দেশবাসী নিরাপদ বোধ করছে।

পশ্চিমা দেশের থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলো সবদিক থেকে আলাদা। এই ভূখণ্ডে স্বাস্থ্য নিরাপত্তা সেভাবে নিশ্চিত নয়। গরিব মানুষ এই সব দেশে রোগে যেমন মরে, তেমনই মারা যায় অভুক্ত থাকার কারণে। এই সব দিন আনি দিন খাই মানুষের কাছে একদিনের কারফিউয়ের অর্থ এক পেট খিদে নিয়ে কাটানো। করোনা প্রায় প্রতিটি দেশের অর্থনীতিকে চৌপাট করে দেওয়ার ক্ষমতা নিয়ে মাথা চাড়া দিয়েছে। এখনই মনে করা হচ্ছে, এর ছোবলে বিশ্বে অন্তত ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ধুলোয় গড়াগড়ি খাবে। যে কোনো সংকটে গরিবই বেশি মরে। গরিবদের কিছুটা সুরাহায় ভারতের বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই কিছুটা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ ও দিল্লির মুখ্যমন্ত্রীরা বিনা মূল্যে রেশন দেওয়ার কথা বলেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ১ হাজার টাকা করে সাহায্য দেবেন বলেছেন। সিন্ধুতে অবশ্যই তা বিন্দুসম। তবে কিছুই না হওয়ার চেয়ে সামান্য কিছু হওয়া অবশ্যই ভালো!
করোনার মোকাবিলায় এই ‘ভালোর’ মাত্রা আরও বাড়ানোই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আরও ভালো কোয়ারান্টিনের ব্যবস্থা। আরও ভালো চিকিৎসা। সর্বস্তরে আরও ভালো সহযোগিতা। আরও বেশি সুবুদ্ধির উদয়। আরও বেশি অঙ্গীকার। আরও একটু কৃচ্ছ্রসাধন। এবং অবশ্যই ইতিকর্তব্য ও নিষেধাজ্ঞাগুলো আরও ভালো করে মেনে চলা। এই অসুখ ভৌগোলিক সীমানা দেখে না। ধনী-দরিদ্রের ফারাক বোঝে না। ধর্মের বেড়ি মানে না। জাতপাতের তোয়াক্কা করে না। রাজনীতির ভেদাভেদও দেখে না। করোনা সর্বব্যাপী। সর্বগ্রাসীও।