করোনায় এখনই হচ্ছে না কলকাতা আন্তর্জাতিক বইমেলা
কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৫তম আসর বসার কথা ছিল গত জানুয়ারিতে। তবে করোনার সংক্রমণের কারণে এই সময় ঐতিহ্যবাহী এ আয়োজন করা সম্ভব করা হয়নি। বলা হয়েছিল, সংক্রমণ কমলে জুলাইয়ে বসবে বইমেলা। কিন্তু করোনার সংক্রমণ এখনো কমেনি। তাই জুলাইয়ে বইমেলা আয়োজন সম্ভব হচ্ছে না। কবে নাগাদ বইমেলা আয়োজন করা যাবে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখনই সেটা নিশ্চিত করে বলতে পারছেন না আয়োজকেরা।
সব মিলিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার এবারের আসর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ঘিরে এবারের কলকাতা বইমেলার থিমকান্ট্রি ছিল বাংলাদেশ।
আজ রোববার সকালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে প্রথম আলোকে বলেন, ‘করোনার সংক্রমণ কমলে জুলাইয়ে বইমেলা আয়োজনের পরিকল্পনা ছিল। সেই মোতাবেক মে মাসে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এখনো করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাই এ মাসে আর আয়োজন করা যাচ্ছে না। কলকাতাসহ পশ্চিমবঙ্গে ১৫ জুলাই পর্যন্ত লকডাউন চলবে। এরপর আমরা ভেবে দেখব, কখন বইমেলা করা যায়। এ বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলব। হয়তো পূজার আগে কিংবা পরে বইমেলা আয়োজন করা হতে পারে।’
চলতি বছরের ২৮ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৫তম আসর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে ঘিরে এ বছরের বইমেলার থিমকান্ট্রি হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশের নাম। বইমেলার এবারের আয়োজন উৎসর্গ করার কথা ছিল বঙ্গবন্ধুকে। সেই লক্ষ্যে নেওয়া হয় প্রস্তুতি। তবে বাদ সাধে করোনা। গত বছরের ২৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বইমেলার আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
গত ৪ ফেব্রুয়ারি আরেকটি সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এখনো বহু দেশের মধ্যে বন্ধ রয়েছে উড়োজাহাজ চলাচল। এ ছাড়া ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনও অনুমতি দেয়নি করোনাকালে বইমেলা করার। তাদের নির্দেশনায় আমেরিকা, লন্ডন ও প্যারিসের বইমেলার সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছরের জুলাই মাসে বইমেলা আয়োজন করা হতে পারে। তবে তাঁদের সেই আশা আপাতত পূরণ হচ্ছে না।
২০২০ সালের ২৮ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসেছিল কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৪তম আসর। তাতে বাংলাদেশসহ ২০টি দেশ অংশ নিয়েছিল। ছিল কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যের ৬০০ প্রকাশনা সংস্থা। ওই আয়োজনে বাংলাদেশ শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের আদলে প্যাভিলিয়ন বানিয়েছিল।