করোনায় কলকাতায় মৃত্যু বাড়ছে

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাড়ছে করোনায় আক্রান্ত কনটেনমেন্ট জোনের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব রাজীব সিনহা।
রাজীব সিনহা বলেন, সবশেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত মানুষের সংখ্যা ১১ জন বেড়ে এখন হয়েছে ৩৩। আর আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৭২। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৯ জন।
মুখ্যসচিব জানান, সবশেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ৩৭ জন। এর মধ্যে ৮০ শতাংশ আক্রান্ত হয়েছে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায়।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত সংখ্যা ৭৫৮।
রাজীব সিনহা বলেন, গত বুধবার পশ্চিমবঙ্গে বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৮ হাজার ৯৭২ জনকে। এখন সরকারি কোয়ারেন্টিনে আছে ৫ হাজার ২৮৮ জন। আর হোম কোয়ারেন্টিনে আছে ১০ হাজার ৭৭৩ জন।
মুখ্যসচিব জানান, পশ্চিমবঙ্গের লাল জোনে থাকা ৪ জেলার কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪৪। এর মধ্যে কলকাতায় ২৬৪, হাওড়ায় ৭২ ও উত্তর ২৪ পরগনায় ৭০টি। বাকিটা পূর্ব মেদিনীপুরে। ফলে দেখা যাচ্ছে, করোনায় আক্রমণের নিরিখে এখনো শীর্ষে রয়েছে কলকাতা।
এর আগে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের লাল জোনের ৪ জেলায় ৩৪৮টি এলাকাকে কনটেনমেন্ট এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে কলকাতার ছিল ২২৭টি, হাওড়ার ৫৬, উত্তর ২৪ পরগনার ৫৭ ও পূর্ব মেদিনীপুরের ৮টি কনটেনমেন্ট জোন। এবার সেই সংখ্যা ৩৪৮ থেকে বেড়ে ৪৪৪ হলো।
রাজীব সিনহা বলেন, রাজ্যে রয়েছে ৬৭টি করোনা হাসপাতাল। এর মধ্যে কলকাতায় ৪টি। রাজ্যে মোট ১৩টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গতকাল পরীক্ষা হয়েছে ১ হাজার ৯০৫ জনের। সব মিলিয়ে এই রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৫২৫ জনের।
রাজ্যের ৮টি জেলা সবুজ হিসেবে করোনামুক্ত জেলা বলে চিহ্নিত হয়েছে। এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। এই ৮ জেলায় আগামী সোমবার থেকে লকডাউন শিথিল করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজীব সিনহা বলেছেন, সবুজ জোনের ৮ জেলায় সোমবার থেকে লকডাউনে কিছুটা শিথিল করা হবে। অনুমতি দেওয়া হচ্ছে সবুজ জোন এলাকার জেলার মধ্যে বাস–ট্যাক্সি চালানোর। তবে সেই বাস চলবে ২০ জন যাত্রী নিয়ে। আর ট্যাক্সি চলবে ৩ জন যাত্রী নিয়ে। এই বাস–ট্যাক্সি নিজ নিজ জেলার মধ্যে চলতে পারবে। অন্য জেলায় যেতে পারবে না। একই সঙ্গে বেশ কিছু দোকানপাট খোলার অনুমতি দেওয়া হবে।