করোনায় কলকাতায় লালবাজার হাজত ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের কেন্দ্রীয় হাজত ফাঁকা হয়ে গেছে। ১০ দিন ধরে এই হাজতে একজন বন্দীও নেই।

খাঁ খাঁ করছে এই সেন্ট্রাল লকআপ। লালবাজারের পুলিশ কর্মকর্তারা মনে করছেন, ১৬০ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি।

লালবাজারের পুলিশ ১৫০ থেকে ১৬০ জন বন্দীকে রাখার ব্যবস্থা রয়েছে। আলাদাভাবে নারী বন্দীদেরও রাখার ব্যবস্থা আছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই লালবাজার লকআপে কখনো ৪০০ বন্দীর একসঙ্গে থাকারও রেকর্ড রয়েছে। তবে এখন কোনো বন্দী নেই।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, লকডাউনে ট্রেন, বাস, লঞ্চ পরিষেবা বন্ধ। ফলে কলকাতায় বাইরের লোকজন আসা বন্ধ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে খুব বিপজ্জনক বন্দী ছাড়া অন্যদের জামিন এবং প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। তাই লালবাজারে আর কোনো বন্দী নেই। গত ১০ দিনে এই কলকাতা শহরে কোনো অপরাধমূলক কাজও হয়নি বলে তিনি জানান।

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, কলকাতার সব থানাকে সজাগ থেকে ট্রাফিক পুলিশের সঙ্গে এক হয়ে তল্লাশি চালাতে হবে। যাতে কোনো অপরাধী লকডাউনের সুযোগে কোনো অপরাধ ঘটাতে না পারে।

রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী আশঙ্কা প্রকাশ করেছেন, শিশু অপরাধের সঙ্গে যেসব বন্দীযুক্ত ছিল, তারা যেন আবার জামিন বা প্যারোলে মুক্ত হয়ে ওই নিগৃহীত শিশু পরিবারের ওপর প্রতিশোধ নিতে পারে। তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ ছুটি ১০ জুন পর্যন্ত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে জানান, রাজ্যের লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক বৈঠকে মমতা জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ সরকার লকডাউন বাড়ানোর পক্ষে। তিনি আরও বলেন, ওই ভিডিও কনফারেন্সে যোগদানকারী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও লকডাউনের মেয়াদ বাড়ানোর দাবি তোলেন। এর আগে অবশ্য ওডিশা এবং পাঞ্জাব সরকার এই লকডাউনের মেয়াদ যথাক্রমে ৩০ এপ্রিল ও ১ মে পর্যন্ত বাড়িয়ে দেয়।

অপর এক ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল–কলেজের ছুটির মেয়াদও আগামী ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

মমতা এদিন বলেন, তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন দূরপাল্লার ট্রেনের পরিষেবা বন্ধসহ আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখার। তিনি লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন। আর্থিক সংকট মোকাবিলা করার জন্য তিনি নরেন্দ্র মোদির কাছে পশ্চিমবঙ্গ সরকারকে ২৫ হাজার কোটি রুপি দেওয়ারও দাবি জানান। পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারিরও দাবি জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বাংলা নববর্ষ বাড়িতে বসে পরিবারের সঙ্গে উদ্‌যাপন করার জন্য অনুরোধ জানান।

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ১০টি এলাকাকে করোনায় আক্রান্ত ‘হটস্পট’ এলাকা হিসাবে চিহ্নিত করে সেসব এলাকা সিল করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ওই সব এলাকার মাছ, মাংস ও সবজির বাজারও অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারত যদি লকডাউন মেনে না এগোত, তবে এবার করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ হয়ে যেত। দেশব্যাপী লকডাউন মানায় আমাদের দেশে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারেনি।’