করোনায় বন্দী কলকাতা

করোনাভাইরাসের জেরে গতকাল সোমবার বিকেল পাঁচটা থেকে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে লকডাউন শুরু হয়ে যায়। এতে কলকাতাসহ পশ্চিমবঙ্গ বন্দী হয় করোনার বেড়াজালে।
লকডাউনে রাজ্যে বন্ধ হয়ে যায় সব যানবাহন। স্তব্ধ হয়ে যায় অফিস, আদালত, কারখানা, হাটবাজার। মানুষও গৃহবন্দী হয়ে পড়ে। লকডাউন না মানায় গতকাল কলকাতায় ২৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।
২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত এই অবস্থা চলবে। পরিস্থিতি ভালো হলে হয়তো ২৮ মার্চ থেকে খুলে যেতে পারে লকডাউন। তা না হলে লকডাউন আরও কদিন চলতে পারে।
করোনা গোটা ভারতে ছোবল মেরেই চলেছে। বাড়ছে মৃত্যু ও আক্রান্ত হওয়ার সংখ্যা। গতকাল তিনজন মারা গেছেন করোনায়। এ নিয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জন। আক্রান্ত মানুষের সংখ্যা ৫৬২।
করোনার জেরে গতকাল থেকে ভারতের ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সব জেলায় লকডাউন শুরু হয়েছে। আর দিল্লি, পাঞ্জাব, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট ও পদুচেরিতে শুরু হয়েছে সান্ধ্য আইন বা কারফিউ।
গতকালই পশ্চিমবঙ্গে প্রথম মৃত্যু হয় করোনায় আক্রান্ত এক ব্যক্তির। ৫৭ বছর বয়সী এই রোগীর বাড়ি কলকাতার দমদম এলাকায়। গতকাল দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি ভারতের রেলের একজন কর্মকর্তা ছিলেন। তাঁর পরিবারের অন্য ছয় সদস্য কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত এই ব্যক্তির দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেয়নি রাজ্য সরকার। তাঁকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে বিশেষ প্লাস্টিকের প্যাকেটে মুড়ে রাত ১০টার দিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে। দেহ শ্মশানের পৌঁছালে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় লোকজন। তারা দাবি তোলে, এই শ্মশানে দাহ করতে দেওয়া হবে না। এরপর লালবাজার থেকে পুলিশ এনে ইলেকট্রিক চুল্লিতে তাঁকে দাহ করা হয়। বলা হয় ওই চুল্লিতে আপাতত অন্য কারও দেহ সৎকার করা হবে না।
মৃত এই প্রবীণ ব্যক্তি মধ্যপ্রদেশের বিলাসপুরে বন্ধুর ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতায় ফিরে আক্রান্ত হন করোনাভাইরাসে। তাঁর ছেলে আমেরিকায় থাকেন।
লকডাউনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক আবেদনের পর কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে, আজ মঙ্গলবার রাত থেকে বন্ধ হয়ে যাবে বিমানের সব অভ্যন্তরীণ পরিষেবা।
করোনার বিরুদ্ধে গত রোববারের জনতা কারফিউ সফল হওয়ার পর এবার প্রধানমন্ত্রী মোদি গোটা দেশে লকডাউন সফল করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি এক টুইটবার্তায় বলেছেন, এবার লকডাউন সফল করতেই হবে। কেউ না মানলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। না মানলে ছয় মাসের কারাদণ্ড অথবা এক হাজার রুপি অথবা উভয় জরিমানা করা হবে।
খাদ্যদ্রব্য মজুত করার ধুম
লকডাউন করার নির্দেশ পাওয়ার পর পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মধ্যে খাদ্যদ্রব্য মজুত করার ধুম পড়ে যায়। গতকাল কলকাতাসহ রাজ্যের সব জেলা, থানা, শহর, গ্রামে চাল-ডাল-আটা, তেল-আলু-পেঁয়াজ কেনা বেড়ে যায়।
সকাল থেকে রাজ্যের প্রতিটি পাইকারি ও খুচরা বাজারে ভিড় লক্ষ করা যায়। দুপুরের মধ্যে বহু দোকানের নিত্যপ্রয়োজনীয় পণ্য শেষ হয়ে যায়। এই সুযোগে বহু দোকানদার পণ্যের মূল্য বাড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
পার্ক সার্কাস আন্দোলন বন্ধ
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) বিরুদ্ধে দিল্লির শাহিনবাগের ধাঁচে কলকাতার পার্ক সার্কাস ময়দানে গড়ে ওঠে আন্দোলন। পার্ক সার্কাসের আন্দোলন করোনার কারণে দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু তাতে সাড়া দেননি পার্ক সার্কাসের আন্দোলনকারীরা। জনতার কারফিউতেও সাড়া দেয়নি তারা। অবশেষে নিজেরাই গতকাল স্থগিত করে দেয় পার্ক সার্কাস আন্দোলন। অন্যদিকে, দিল্লির শাহিনবাগের আন্দোলনকারীদের গতকাল হটিয়ে দিয়েছে পুলিশ।
একই ধাঁচে গড়ে ওঠা কলকাতার রাজাবাজারের আন্দোলনকারীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত করেছে। তারা গত শনিবারই জানিয়ে দেয়, করোনার কারণে তারা আপাতত স্থগিত করছে এই আন্দোলন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুরু হবে।
শাহিনবাগ ও পার্ক সার্কাস আন্দোলনের ধাঁচে গড়ে ওঠা মুর্শিদাবাদের জঙ্গিপুরের আন্দোলনও স্থগিত করা হয়েছে। বলা হয়েছে, মঞ্চ থাকবে কিন্তু মানুষের সমাগম আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি ঠিক হলে ফের শুরু হবে এই আন্দোলন।