করোনায় সংক্রমিত আম আদমি পার্টির নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় সংক্রমিত আম আদমি পার্টির নেতা কুলদীপ কুমার হাথরস সফর করায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে
ছবি: টুইটার

ভারতের উত্তর প্রদেশের হাথরসে গণধর্ষণের শিকার দলিত নারীর মৃত্যুর ঘটনার পর সেখানে যান আম আদমি পার্টির এমএলএ কুলদীপ কুমার। এই সফরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন কুলদীপ। আর তাতেই বাধে বিপত্তি। কারণ কুলদীপ কুমার করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন।

হাথরসের নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপার জানান, আম আদমি দলের নেতার বিরুদ্ধে মহামারি রোগনিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এনডিটিভির খবরে জানা যায়, ২৯ সেপ্টেম্বর কুলদীপ কুমার ঘোষণা দেন যে তিনি করোনাভাইরাসে সংক্রমিত। তিনি হোম আইসোলেশনে থাকবেন বলেও জানান। তিনি বলেন, ‘দুই দিন ধরে আমার হালকা জ্বর। আমি আজ করোনা পরীক্ষা করেছি। পরীক্ষায় আমার করোনা শনাক্ত হয়েছে।’ দিল্লির কোন্দলির ওই এমএলএ টুইটে বলেন, গত দুই থেকে তিন দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে পরীক্ষা করতে হবে।

এর পাঁচ দিন পর কুলদীপ কুমার ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, তিনি দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরে হাথরাসে গেছেন। গণধর্ষণের শিকার হয়ে যে দলিত নারী মারা গেছেন, তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন তিনি। এমএলএকে একটি মাস্ক পরে থাকতে দেখা যায়। তিনি হেঁটে ওই নারীর বাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকজন পুলিশ ও অন্য ব্যক্তিরা ছিলেন।

টুইটে পোস্ট করা আরেকটি ভিডিওতে কুলদীপ কুমারকে ধর্ষণের শিকার ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলতে দেখা যায়। এমএলএ কুলদীপ যোগী আদিত্যনাথের সরকারের উদ্দেশে বলেন, ওই নারীর বাড়িতে ভয়ের পরিবেশ রয়েছে। এটি গণতন্ত্র ও সংবিধানের হত্যা।

উত্তর প্রদেশের হাথরস জেলার এক গ্রামে গত মাসে এক দরিদ্র দলিত পরিবারের ১৯ বছরের কন্যাকে গণধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে দুষ্কৃতকারীরা চলে যায়। ১৫ দিন পর দিল্লির হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গোটা ভারত এর প্রতিবাদে মুখর।

সুপ্রিম কোর্টের নজরদারিতে চাকরিরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে ওই ঘটনার তদন্তের দাবিতে এক জনস্বার্থ মামলা সর্বোচ্চ আদালতে দাখিল করা হয়।

মঙ্গলবার প্রধান বিচারপতি ওই ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বর্ণনা করে বলেন, মর্মান্তিক ওই ঘটনার অবশ্যই নিরপেক্ষ ও বাধাহীন তদন্ত হবে। ওই ঘটনার পর নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিয়ে উত্তর প্রদেশ সরকারকে হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়। আবেদনকারীরা মামলাটি উত্তর প্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে আসার দাবি জানান।

হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গত বৃহস্পতিবার বাধা পান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা। পুলিশের ধাক্কায় রাহুল মাটিতে পড়ে যান। তাঁর হাতে চোট লাগে।

হাথরসকাণ্ড নিয়ে বিজেপি বেশ কোণঠাসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো মৌন।

একটি কথাও বলেননি। রাহুল সেই প্রশ্ন তুলে বলেন, গোটা দেশ সাক্ষী নির্যাতিতার পরিবারের সঙ্গে কী আচরণ করা হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী চুপ! নির্যাতিতার মৃত্যুর পর তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে না দিয়ে পুলিশ কেন রাত আড়াইটায় পুড়িয়ে দিল, প্রশ্ন উঠেছে তা নিয়েও।