করোনায় স্থগিত হলো পশ্চিমবঙ্গের চার পৌর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা হাইকোর্ট
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ রোধে আরও কঠোর হয়েছে রাজ্য সরকার। আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের চারটি পৌর করপোরেশনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি ওঠে। শেষমেশ করোনার সংক্রমণ ঠেকাতে হাইকোর্টের হস্তক্ষেপের পর নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

আজ শনিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশন এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। স্থগিত হওয়া সিটি করপোরেশনগুলো হলো আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর (সল্ট লেক) ও চন্দননগর। এসব পৌর করপোরেশনে ২২ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল।

রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পৌর নির্বাচন পেছানোর দাবি ওঠে। কিন্তু সেই দাবির প্রতি নির্বাচন কমিশন ও রাজ্য সরকার গুরুত্ব দেয়নি। ফলে বিভিন্ন দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে নির্বাচন পেছানোর আবেদন করা হয়।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে গড়া ডিভিশন বেঞ্চ নির্বাচন পেছানোর সব আবেদন একত্র করেন। নির্বাচন ৪ থেকে ৬ সপ্তাহ পেছানো যায় কি না, এ বিষয়ে নির্বাচন কমিশনকে মতামত জানাতে বলেন হাইকোর্ট। অন্যদিকে গতকাল শুক্রবার রাজ্য সরকারকে নির্বাচন নিয়ে তাদের সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে বলে। রাজ্য সরকার শনিবার হাইকোর্টকে জানায়, নির্বাচন পেছানো নিয়ে তাদের কোনো আপত্তি নেই। সেই নির্দেশ চলে যায় রাজ্য নির্বাচন দপ্তরে। এরপরেই নির্বাচন স্থগিত করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ওই চার পৌর করপোরেশনে নতুন করে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে (শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৬৪৫ জন। আর মারা গেছেন ২৮ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মারা গেছেন ২০ হাজার ১৩ জন।