কর্ণাটক কংগ্রেসমুক্ত করতে মোদির অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

শেষবেলায় তেড়ে ধরতে বিজেপি বেছে নিল তাদের সেরা অস্ত্রকেই। কর্ণাটককে ‘কংগ্রেসমুক্ত’ করার তীব্র তাগিদে আজ থেকে শুরু হলো নরেন্দ্র মোদির প্রচার অভিযান। ১২ মে কর্ণাটকে ভোট। অতএব হাতে আর মাত্রই ১০টা দিন। এই কদিনে ১৫টা জনসভা করতে প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার চলে গেলেন দাক্ষিণাত্যের এই রাজ্যে।

মোদি প্রচার অভিযান শুরু করছেন সবচেয়ে দুর্বল এলাকা চামারাজানগর থেকে, যেখানে মোট আটটি আসনের একটিতেও গতবার বিজেপি জেতেনি। আজ তিনটি জনসভার পর মোদি এক দিন ছেড়ে ছেড়ে রাজ্যে এসে তিনটি করে জনসভায় ভাষণ দেবেন। অর্থাৎ ১ মের পর ৩, ৫, ৭ ও ৮ মে। মোদির সঙ্গেই রাজ্য চষে ফেলার কর্মসূচি বিজেপির সভাপতি অমিত শাহর। আগামী ১০ দিনে তাঁর জনসভার সংখ্যা ৩০। তাঁর পর সবচেয়ে উল্লেখযোগ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। গেরুয়াধারী মুখ্যমন্ত্রী করবেন কুড়িটি জনসভা।

নির্বাচন ঘোষণার পর এই প্রথম মোদির কর্ণাটক সফর। বিজেপির প্রধান আশা-ভরসাও তিনিই। রাজ্যে দলের মুখপাত্র এস প্রকাশ তাঁর তুলনা করেছেন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। বলেছেন, ‘টি-টোয়েন্টির স্লগ ওভারগুলোয় ধোনির ওপর যেমন দল ভরসা করে, আমরাও তেমনই ভরসা করছি মোদিজির ওপর। ধোনির মতোই মারকাটারি ব্যাট করে তিনিই দলকে জেতাবেন।’

কর্ণাটকে কে জিতবে, আপাতত তা কোটি টাকার প্রশ্ন। এ পর্যন্ত যতগুলো জনমত সমীক্ষা হয়েছে, কোনোটিতেই নিশ্চিতভাবে কেউ জেতেনি, কেউ হারেওনি। প্রতিটি সমীক্ষার ফল ত্রিশঙ্কু। ২২৪ আসনের বিধানসভায় একক গরিষ্ঠ দল হিসেবে কংগ্রেস এগিয়ে। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী তারা পাবে ৯৪টি আসন। দ্বিতীয় স্থানে ৮৪ আসন নিয়ে বিজেপি। তৃতীয় স্থানে জনতা দল (সংখ্যালঘু)। তারা ৪০টির মতো আসন পাবে। সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জেডি (এস) হাত মিলিয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে। দেবগৌড়ার ছেলে কুমারস্বামীর সঙ্গে বিজেপির ইতিমধ্যেই সরকার গড়া নিয়ে কথাবার্তা হয়েছে বলে কংগ্রেস প্রচার শুরু করেছে। বিজেপি যাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে, সেই ইয়েদুরাপ্পা আবার আগেভাগেই জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই শপথ নেবেন এই মাসের ১৭ কি ১৮ তারিখে। নিশ্চিত কোন দিন তা, নির্ভর করবে প্রধানমন্ত্রীর ওপর।

ইয়েদুরাপ্পা দ্বিতীয়বারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হবেন কি না, দেবেগৌড়ার দল বিজেপির সঙ্গে মিলে মিশে সরকার গড়বে কি না, মায়াবতী সেই সরকার গড়তে সমর্থন দেবেন কি না কিংবা আরও পাঁচ বছরের জন্য রাজ্য শাসনের ছাড়পত্র কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আদায় করে নেন কি না, সেই জল্পনায় ফুটছে ভারতের জাতীয় রাজনীতি।

কর্ণাটকই হতে চলেছে জাতীয় রাজনীতির নিয়ামক। পাঞ্জাব ছাড়া কংগ্রেসের কাছে বড় রাজ্য বলতে এটাই। এই রাজ্য হাতছাড়া হলে কংগ্রেস যতটা হতোদ্যম হবে, বিজেপি হবে ততটাই উৎফুল্ল। আবার এই রাজ্যে পরপর দ্বিতীয়বার ক্ষমতায় থাকতে পারলে কংগ্রেস এই বছরের শেষে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া চেষ্টা চালাবে। কংগ্রেস বা বিজেপি যারাই সফল হোক, আগামী বছর লোকসভা ভোটে তার প্রভাব পড়তে বাধ্য। কর্ণাটক ধরে রাখতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও তাই দিনরাত এক করে দিয়েছেন। গুজরাট ও ত্রিপুরার ভোটে একটিবারের জন্যও সোনিয়া গান্ধী প্রচারে যাননি। কর্ণাটকে কিন্তু যাবেন। যাবেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও। গোটা ভারতই তাকিয়ে দক্ষিণের এই রাজ্যের দিকে।