কর্ণাটকও হারাতে যাচ্ছে কংগ্রেস?
বড় রাজ্য বলতে ভারতের কংগ্রেস দলটির অন্ধের যষ্টি ছিল কর্ণাটক। তাও এবার হাতছাড়া হতে বসেছে। আজ মঙ্গলবার ওই রাজ্যে চলা ভোটগণনার ফলাফলে দেখা যাচ্ছে, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সেখানে কংগ্রেসকে টপকে গেছে।
সরকার গঠনের জন্য দরকার ১১২টি আসন। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস-বিজেপির মধ্যে। তবে এখন ভোটের যে গতি, তাতে নিয়ামক শক্তি হয়ে উঠতে পারেন জেডিএসের প্রধান এইচ ডি দেবগৌড়ও।
কর্ণাটকে বিধানসভায় ২২২ আসনে নির্বাচন হচ্ছে। আজ সকাল আটটা থেকে ভোটের ফল গণনা শুরু হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি একাই ৯৫টি আসনে এগিয়ে আছে। আর কংগ্রেস এগিয়ে আছে ৭৭ আসনে। আর জেডিএস এগিয়ে আছে ৪২ আসনে। আজ দুপুরের পরই বোঝা যাবে কর্ণাটকবাসী কার প্রতি আস্থা রেখেছে।
এর আগে বুথফেরত জরিপে দেখা গেছে, কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না। ত্রিশঙ্কু বিধানসভা হবে দক্ষিণের এ রাজ্যে। বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস স্পষ্ট। আর কোনো দলই যদি এককভাবে সরকার গঠন করতে না পারে, সে ক্ষেত্রে জেডিএসের ভূমিকাই হবে মুখ্য।