কর্ণাটককে আইন অমান্য বন্ধের আদেশ সুপ্রিম কোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্যকে আইন অমান্য বন্ধ করে কাবেরী নদীর পানি দেওয়ার নির্দেশ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। আগে দেওয়া রায় মোতাবেক আজ মঙ্গলবার থেকে ছয় হাজার কিউসেক পানি তামিলনাড়ুকে দিতেও নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। গতকাল সোমবার এ নির্দেশ দেওয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্ট ১ থেকে ৬ অক্টোবর প্রতিদিন ছয় হাজার কিউসেক করে পানি পাশের রাজ্য তামিলনাড়ুকে দেওয়ার নির্দেশ দেন। কৃষিকাজের জন্য এই পানি ছেড়ে দিতে বলেন আদালত। তবে এ আদেশ মেনে চলেনি কর্ণাটক। রাজ্য সরকার বলেছে, তারা সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেনি। রাজ্য বিধান সভা শুধু পানীয়জলের জন্য পানি ছাড়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটাই তারা মেনে চলেছে। রাজ্যের সব বিরোধী দল আদালতের নির্দেশ মোতাবেক পানি না ছাড়তে রাজ্য সরকারকে আহ্বান জানায়। এরই পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর কর্ণাটক সরকার একটি রিভিউ আবেদন করে। আবেদনে কর্ণাটক সরকার বলে, সর্বোচ্চ আদালতের এই নির্দেশ ‘ন্যায়বিচারের চরম লঙ্ঘন’। গত মাসের শুরুতে তামিলনাড়ুকে পানি ছাড় দেওয়ার নির্দেশের পর কর্ণাটকে ব্যাপক সহিংসতা শুরু হয়। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এমন এক প্রেক্ষাপটে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, তাঁর রাজ্যের শহরগুলো প্রায় পানিশূন্য। এ অবস্থায় তিনি পানি ছাড়তে পারেন না। পানি পেতে গেলে তামিলনাড়ুকে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

গতকাল সুপ্রিম কোর্ট বলেন, কাবেরী কর্ণাটকে উৎপন্ন হয়ে তামিলনাড়ু প্রবাহিত হয়েছে। তামিলনাড়ুর পানির অধিকার আছে।