কর্ণাটকে কেউ একক সরকার গঠন করতে পারবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপি ও কংগ্রেস
বিজেপি ও কংগ্রেস

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বিধানসভার নির্বাচন হয়ে গতকাল শনিবার। মোট ২২৪টি আসনে এ নির্বাচন হয়। এতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ৫৬০ জন প্রার্থী। ভোট গণনা হবে ১৫ মে। ভোট পড়েছে ৭০ শতাংশের মতো।

২২৪ আসনের এই বিধানসভায় এখন ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী কংগ্রেসদলীয় সিদ্ধারামাইয়া। সর্বশেষ ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জিতেছিল। পেয়েছিল ১২২টি আসন। বিজেপি পেয়েছিল ৪০টি এবং সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জেডিএস পেয়েছিল ৪০টি আসন।

শনিবার নির্বাচন শেষে ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা, টিভি চ্যানেল এবং সংবাদপত্র তাদের বুথ ফেরত সমীক্ষা শেষে বলেছে, এবার কর্ণাটকে এককভাবে কোনো দল জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে না। কোনো কোনো সমীক্ষা সংস্থার দাবি, একক দল হিসেবে সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে বিজেপি। আবার অনেকের দাবি কংগ্রেসই এগিয়ে থাকছে। যদিও এবার কংগ্রেসকে এই রাজ্য থেকে বিদায় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির শীর্ষ নেতারা আদাজল খেয়ে মাঠে নেমেছিলেন।

এনডিটিভি তাদের বুথ ফেরত সমীক্ষায় বলেছে, বিজেপি ৯৮টি এবং কংগ্রেস জিততে পারে ৮৮টি আসনে। জেডিএস পেতে পারে ৩৩টি আসন। রিপাবলিক টিভি-জনকি বাত সমীক্ষায় বলেছে, বিজেপি পেতে পারে ৯৫-১১৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৭৩-৮২টি আসন। আর জেডিএস পাবে ৩২-৪২টি আসন। এবিপি-সি-ভোটার বলেছে, বিজেপি পাবে ৯৭-১০৯টি আসন। কংগ্রেস পাবে ৮৭-৯৯টি আসন। জেডিএস পাবে ২১-৩০টি আসন। ইন্ডিয়া টিভি-ভিএমআর বলেছে, কংগ্রেস পাবে ৯৭টি, বিজেপি ৮৭টি এবং জেডিএস পাবে ৩৫টি আসন। নিউজ এক্স-সিএনএক্স বলেছে, বিজেপি পাবে ১০২-১১০, কংগ্রেস ৭২-৭৮ এবং জেডিএস পেতে পারে ৩৫-৩৯টি আসন।

টাইমস নাউ-ভিএমআর বলেছে, কংগ্রেস ৯০-১০৩, বিজেপি ৮২-৯৩ এবং জেডিএস ৩১-৩৯টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের সমীক্ষায় বলেছে কংগ্রেস পেতে পারে ১০৬-১১৮ এবং বিজেপি ৭২-৯২ এবং জেডিএস পেতে পারে ২২-৩০টি আসন। আর টাইমস নাউ-চাণক্য তাদের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে, বিজেপি পেতে পারে ১২০টি আসন আর কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে ৭৩টি আসন। জেডিএস পেতে পারে ২৬টি আসন।

যদিও নির্বাচনের প্রাক্কালে সর্বশেষ বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, সরকার গড়তে না পারলেও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসবে কংগ্রেস। সেই সর্বশেষ সমীক্ষায় কর্ণাটকের কন্নড় টিভি চ্যানেল ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাবলিক টিভি তাদের সমীক্ষায় বলেছিল, এই নির্বাচনে কংগ্রেস পেতে চলেছে ৮৯-৯৪টি আসন। বিজেপি পেতে পারে ৮৬-৯১টি আসন। আর জেডিএস পেতে পারে ৩৮-৪৩টি আসন।

ইন্ডিয়া টিভির সমীক্ষায় বলা হয়েছিল, কংগ্রেস ৯৬, বিজেপি ৮৫ এবং জেডিএস পেতে পারে ৩৮টি আসন। এবিপি-লোকনীতির সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, কংগ্রেস ৯৭, বিজেপি ৮৪ এবং জেডিএস পেতে পারে ৩৮টি আসন। অন্যদিকে ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটস তাদের সমীক্ষায় বলেছিল, কংগ্রেসের দখলে থাকতে পারে ৯০-১০১, বিজেপির ৭৮-৮৬টি এবং জেডিএসের দখলে থাকতে পারে ৩৪-৪৩টি আসন। পক্ষান্তরে টাইমস নাউ-ভিএমআরের সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, কংগ্রেস পেতে চলেছে ৯১টি আসন, বিজেপি ৮৯ এবং জেডিএস ৪০টি আসন।