কর্ণাটকে খোলা হয়েছে বন্দিশিবির, আসামে আছে ছয়

ভারতজুড়ে যখন জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও নাগরিক সংশোধনী আইন (সিএএ) বাতিলের দাবিতে বিজেপিবিরোধী আন্দোলন তুঙ্গে, তখন গত রোববার রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ভারতে কোনো ডিটেনশন ক্যাম্প (বন্দিশিবির) নেই।
অথচ এসব কথা সবার জানা আছে, বিজেপিশাসিত আসাম রাজ্যে রয়েছে ছয়টি বন্দিশিবির। এগুলো রয়েছে আসামের তেজপুর, গোয়ালপাড়া, শিলচর, ডিব্রুগড়, কোকরাঝাড় ও জোরহাট জেলায়। আর এসব শিবিরে বন্দী থাকা বিদেশিদের মধ্যে ইতিমধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বিজেপিশাসিত আরেকটি রাজ্য কর্ণাটকের সমাজকল্যাণ দপ্তরের কমিশনার আর এস পেদ্দাপ্পাইয়া জানিয়েছেন, কর্ণাটকে ইতিমধ্যে চালু করা হয়েছে প্রথম বন্দিশিবির।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আজ বুধবার বলা হয়েছে, বেআইনি অভিবাসীদের জন্য তৈরি করা হয়েছে কর্ণাটকের এই বন্দিশিবির। আগামী জানুয়ারি মাসে এই ক্যাম্পের উদ্বোধনের কথা থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তা ইতিমধ্যে চালু করা হয়েছে। তবে এখনো এখানে কোনো বেআইনি অভিবাসীদের আনা হয়নি। শিবিরটি গড়া হয়েছে বেঙ্গালুরু শহরের নিকটবর্তী সোন্দেকোপ্পা গ্রামে। এই শিবিরের চারপাশে উঁচু দেয়াল ও তার ওপর কাঁটাতারের বেড়া রয়েছে। শিবিরের দুই প্রান্তে পর্যবেক্ষণের জন্য দুটি টাওয়ার রয়েছে। ইংরেজি এল অক্ষরের আদলে তৈরি করা হয়েছে এই বন্দিশিবির। এতে ২৪ শয্যাবিশিষ্ট ৬টি ঘর রয়েছে। আরও আছে রান্নাঘর, শৌচালয়সহ নিরাপত্তাকর্মীদের থাকার ঘর। রাজ্যের আঞ্চলিক ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস থেকে যেসব বেআইনি অভিবাসীদের পাঠানো হবে তাদের এখানে রাখা হবে।
মূলত, ২০১৮ সালের আগস্টে ১৫ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করে কর্ণাটক পুলিশ। কর্ণাটক হাইকোর্ট এই বন্দীদের রাখার ব্যবস্থা করতে নির্দেশ দিলে কর্ণাটক সরকার বন্দিশিবির তৈরির উদ্যোগ নেয়। এটি তৈরি করে রাজ্যের সমাজকল্যাণ দপ্তর। গত নভেম্বর মাসে রাজ্য সরকার হাইকোর্টকে জানায়, এই রাজ্যে ৩৫টি অস্থায়ী ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকার সমাজকল্যাণ দপ্তরের একটি ছাত্রাবাসকেও ইতিমধ্যে বন্দিশিবিরে রূপ দিয়েছে। বর্তমানে এই রাজ্যে বিভিন্ন দেশের ৮৬৬ জন বিদেশি বন্দী রয়েছেন।
মহারাষ্ট্রে তৈরি হবে না বন্দিশিবির
এদিকে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রে কোনো বন্দিশিবির তৈরি করা হবে না। সোমবার রাজ্যের একটি মুসলিম প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদের তিনি আশ্বস্ত করে বলেন, মহারাষ্ট্রে কোনো বন্দিশিবির তৈরি করা হবে না। তিনি তাঁদের বলেন, বর্তমান সরকারের আমলে মুসলিম নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষের অধিকারে কোনো রকম হস্তক্ষেপ করবে না রাজ্য সরকার।