কর্ণাটকে জিতছে কংগ্রেস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্ণাটক রাজ্য অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে এখন ক্ষমতাসীন কংগ্রেসই জয়ী হবে। নির্বাচন নিয়ে এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, আগের বারের চেয়ে বরং চারটি আসন বাড়বে কংগ্রেসের। 

ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে নির্বাচন আগামী ১২ মে। এ রাজ্যের বিধানসভার আসনসংখ্যা ২২৪ টি। সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বাম দলকে হারিয়ে বিজেপির জয়ের পর মানুষের মনে প্রশ্ন দানা বাঁধে তবে কি কর্ণাটকে কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে না? 
ত্রিপুরায় বামদের হারিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। ওই সময় অনুষ্ঠিত উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ের নির্বাচনে শাসক দল কংগ্রেস বেশি আসনে জিতেও ক্ষমতায় আসতে পারেনি।

কর্ণাটক বিধানসভা নির্বাচন নিয়ে জনসমীক্ষা করে সি-ফোর সংস্থা। মাসের ১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ১৫৪টি বিধানসভা আসনের ২২ হাজার ৩৫৭ জন ভোটারের মাঝে এই সমীক্ষা চালায় তারা। সেই সমীক্ষার রিপোর্ট আজ মঙ্গলবার প্রকাশিত হয়। সমীক্ষায় বলা হয়, এবারের নির্বাচনে কংগ্রেস জয়ী হবে ১২৬ আসনে। আর বিজেপি জিতবে ৭০ আসনে। এ ছাড়া কর্ণাটকের এসডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জনতা দল (ধর্মনিরপেক্ষ ) জিতবে ২৭টি আসনে। যদিও ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১২২টি আসনে।

ইতিমধ্যে বিজেপি কর্ণাটককে ছিনিয়ে নেওয়ার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে। অন্যদিকে কংগ্রেসও কর্ণাটকে ক্ষমতায় টিকে থাকার জন্য মাঠে নেমেছে । একদিকে নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আর অন্যদিকে বিজেপির সভাপতি অমিত শাহ। ফলে কর্ণাটক নিয়ে টান টান উত্তেজনা। যদিও এর আগে উত্তর প্রদেশের দুটি এবং বিহারের একটি লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপিকে পরাস্ত করে দুটি আসনে জিতেছে কংগ্রেস এবং একটি আসনে লালু প্রসাদের আরজেডি।