কর্ণাটকে মুসলিম মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় যুবককে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

ভারতের কর্ণাটক রাজ্যে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির মা ও পরিবারের অভিযোগ, মুসলিম এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় ওই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। খবর এনডিটিভির।

ওই যুবকের নাম বিজয় কাম্বলি (২৫)। তিনি ওয়াদি টাউনের ভীমানগরের বাসিন্দা।

বিজয়ের এক বন্ধু বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, গত সোমবার রাতে রেলওয়ে সেতুর কাছে একদল লোক বিজয়ের ওপর চড়াও হন। তর্কের একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই বিজয় মারা যান। তিনি বলেন, ‘আমরা বসে কথা বলছিলাম। হঠাৎ কোথাও থেকে এসে তাঁরা হাজির হন। আমাদের সামনে দুজন দাঁড়ান। আমরা তাঁদের চিনি না। তাঁর (বিজয়) ওপর হামলা চালান তাঁরা। একজনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’

পুলিশ জানায়, মুসলিম এক তরুণীর সঙ্গে বিজয়ের প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়ের পরিবার তাঁদের সম্পর্কের বিরোধিতা করে।

এ ঘটনার পর কালাবুর্গি জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজন ওই তরুণীর ভাই শাহাবুদ্দিন (১৯) ও অপর জন নওয়াজ (১৯)।

থানায় দায়ের করা এজাহারে ওই তরুণীর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ আনেন নিহত বিজয় কাম্বলির মা। তিনি সাংবাদিকদের বলেন, ‘তাঁর (তরুণী) ভাই আরও দুজনকে নিয়ে বাড়িতে এসে আমাদের হুমকি দিয়ে যায়।’