কর্ণাটকে সরকার গঠন সহজ হচ্ছে না বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপির সভাপতি অমিত শাহ। কর্নাটকে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রাজ্য বিজেপির নেতারা তাঁর সঙ্গে বৈঠক করেন।
বিজেপির সভাপতি অমিত শাহ। কর্নাটকে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রাজ্য বিজেপির নেতারা তাঁর সঙ্গে বৈঠক করেন।

আস্থা ভোটে জোট সরকারের পতন হলেও কর্ণাটকে বিজেপির সরকার গঠন নিয়ে এখনো অনিশ্চয়তা দূর হয়নি। কর্ণাটকের বিজেপি নেতারা আজ বৃহস্পতিবার দিল্লি এসে সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করেন। দলীয় সূত্রের খবর, বিদ্রোহী বিধায়কদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হওয়ার আগে বিজেপি সরকার গড়ার পথে পা বাড়ানো নিয়ে দোলাচলে। কর্ণাটকে তিন বারের মুখ্যমন্ত্রী বিজেপির প্রবীণতম নেতা বি এস ইয়েদুরাপ্পার পুত্র বিজয়েন্দ্র দিল্লিতে সংবাদমাধ্যমকে বলেন, সব দিক খতিয়ে দেখে দল ঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।

বিকল্প সরকার গড়তে বিজেপির সাবধানতার কারণ জোটের বিদ্রোহী সদস্যদের ভবিষ্যৎ এখনো চূড়ান্ত হয়নি। দলত্যাগ বিরোধ আইন অনুযায়ী কংগ্রেস ও জেডিএসের ১৫ জন বিদ্রোহী বিধায়কের সদস্য পদ খারিজ হবে কি না সে বিষয়ে বিধানসভার স্পিকার কে আর রমেশ এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তাঁদের সদস্য পদ খারিজ হয়ে গেলে ২২৫ সদস্যের বিধানসভার সংখ্যা কমে দাঁড়াবে ২১০। সদস্য পদ খারিজ হয়ে গেলে ওই বিধায়কদের কেন্দ্রে উপনির্বাচন হবে। উপনির্বাচনে জয় নিয়ে অনিশ্চয়তা থাকতেই পারে। এই অবস্থায় পদত্যাগীদের কেউ কেউ সিদ্ধান্ত বদল করবেন কি না সে বিষয়ে বিজেপি নিশ্চিত হতে চায়। কারণ, আস্থা ভোটে যাঁরা ভোট দেননি, তাঁদের সবাই যে নতুন সরকারকে আস্থা ভোটে সমর্থন করবেন সেই গ্যারান্টি বিজেপি এখনো পাচ্ছে না। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কত দিনের মধ্যে সদস্যপদ খারিজ করতে হবে সে বিষয়টি অনুচ্চারিত। সিদ্ধান্ত সম্পূর্ণভাবে স্পিকারের ওপর নির্ভরশীল।

এই সব অনিশ্চয়তা নিয়েই বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে দেখা করেন বিজেপি প্রতিনিধিরা। বৈঠক নিয়ে স্পষ্ট করে কেউ সন্ধ্যা পর্যন্ত কিছু জানাননি। দলীয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে ইয়েদুরাপ্পাকে বেছে নেওয়া নিয়েও দোলাচল রয়েছে। বিজেপির ঘোষিত নীতি অনুযায়ী, ৭৫ বছর বয়স হয়ে গেলে কাউকে দল ও সরকারে কোনো দায়িত্ব দেওয়া হয় না। এই নিয়মেই বাদ দেওয়া হয়েছে লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশি, যশোবন্ত সিনহা সহ অনেককেই। একমাত্র ব্যতিক্রম ছিলেন কলরাজ মিশ্র। ৭৫ বছর বয়স হয়ে গেলেও উত্তর প্রদেশের ওই ব্রাহ্মণ নেতাকে কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল ২০১৭ সালের উত্তর প্রদেশ বিধানসভার ভোটের স্বার্থে। ইয়েদুরাপ্পাও সেই দিক থেকে ব্যতিক্রমী হতে পারেন। তাঁর নেতৃত্বেই বিজেপি ভোটে লড়েছিল। জোট সরকারের পতনে প্রধান উদ্যোক্তাও ছিলেন তিনি। ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী করা না হলে বিজেপির পক্ষে কর্ণাটক শাসন করা অসম্ভব। আবার নীতির সঙ্গে সমঝোতা করা হলে বিজেপিকে অন্যত্র বহু ক্ষেত্রে আপস করতে হতে পারে। সরকার গঠনের দাবি জানানোর আগে তাই বিজেপি সবদিক খতিয়ে ধীরে চলতে চাইছে।

কর্ণাটকে কংগ্রেস ও জেডিএসকে কোণঠাসা করলেও বিজেপি ধাক্কা খেয়েছে মধ্য প্রদেশে। ওই রাজ্যে একটি বিলের ওপর ভোটাভুটিতে বিজেপির দুই বিধায়ক কংগ্রেস সরকারের পক্ষে ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী কমলনাথের পাশে বসে ওই দুই বিধায়ক গত বুধবার বলেছেন, এটা তাঁদের স্বগৃহে প্রত্যাবর্তন।