কর্ণাটকে সরকার গড়ার কারিগর হবে এই দেবগৌড়ার জেডিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেডিএসের প্রধান এইচ ডি দেবগৌড়া। ছবি: এএফপি
জেডিএসের প্রধান এইচ ডি দেবগৌড়া। ছবি: এএফপি

ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকের বিধানসভার নির্বাচনের পর বুথফেরত সমীক্ষার আভাস, কোনো দল এককভাবে সরকার গঠন করতে পারবে না। ফলে সমীক্ষা প্রতিবেদন নিয়ে দোটানায় রয়েছে প্রধান দুই দল কংগ্রেস ও বিজেপি।

এ অবস্থায় অনেকটাই খুশি ওখানের আঞ্চলিক দল জেডিএস বা জনতা দল সেক্যুলার। কারণ, সব বুথফেরত সমীক্ষায় বলেছে, কর্ণাটকে সরকার গড়ার কারিগর হবে এই জেডিএস। অর্থাৎ, জেডিএস যেদিকে ঝুঁকবে, সরকার তারাই গড়বে।

কর্ণাটকে নির্বাচন হয় গত শনিবার। নির্বাচন হয়েছে রাজ্যের ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ২২২টিতে। আগামীকাল মঙ্গলবার এই নির্বাচনের ফলাফল গণনা করা হবে।

নির্বাচনের পরপরই বিভিন্ন সংবাদ সংস্থা, টিভি চ্যানেল এবং সংবাদপত্র তাদের বুথফেরত সমীক্ষায় আভাস দিয়েছে, কর্ণাটকে এককভাবে কোনো দল জয়ী হয়ে সরকার গড়তে পারবে না। বিধানসভা হবে ঝুলন্ত। এই সমীক্ষা প্রতিবেদন ঘুম কেড়েছে শাসক দল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির। যদিও গতকাল এই দুটি দল পৃথকভাবে দাবি করেছে, তারাই জিততে চলেছে। তবে দুই দল সরকার গঠনের দাবি করলেও একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে এ রাজ্য যাচ্ছে বলেই বেশির ভাগ সমীক্ষার ফল। এতে জেডিএস এখন আত্মতৃপ্তিতে রয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।

এখন প্রশ্ন হলো, জেডিএস কোন দিকে ঝুঁকবে?
২২৪ আসনের এই বিধানসভায় এখন ক্ষমতায় রয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী কংগ্রেসদলীয় সিদ্ধারামাইয়া। সর্বশেষ ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জিতেছিল। পেয়েছিল ১২২টি আসন। বিজেপি পেয়েছিল ৪০টি এবং সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডিএস পেয়েছিল ৪০টি আসন।

এনডিটিভি তাদের বুথফেরত সমীক্ষায় বলেছে, বিজেপি ৯৮টি এবং কংগ্রেস জিততে পারে ৮৮টি আসনে। জেডিএস পেতে পারে ৩৩টি আসন। রিপাবলিক টিভি-জনকি বাত সমীক্ষায় বলেছে, বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৭৩ থেকে ৮২টি আসন। আর জেডিএস পাবে ৩২ থেকে ৪২টি আসন। এবিপি-সি-ভোটার বলেছে, বিজেপি পাবে ৯৭ থেকে ১০৯টি আসন। কংগ্রেস পাবে ৮৭ থেকে ৯৯টি আসন। জেডিএস পাবে ২১ থেকে ৩০টি আসন। ইন্ডিয়া টিভি-ভিএমআর বলেছে, কংগ্রেস পাবে ৯৭টি, বিজেপি ৮৭টি এবং জেডিএস পাবে ৩৫টি আসন। নিউজ এক্স-সিএনএক্স বলেছে, বিজেপি পাবে ১০২ থেকে ১১০, কংগ্রেস ৭২ থেকে ৭৮ এবং জেডিএস পেতে পারে ৩৫ থেকে ৩৯টি আসন।

টাইমস নাউ-ভিএমআর বলেছে, কংগ্রেস ৯০ থেকে ১০৩, বিজেপি ৮২ থেকে ৯৩ এবং জেডিএস ৩১ থেকে ৩৯টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের সমীক্ষায় বলেছে, কংগ্রেস পেতে পারে ১০৬ থেকে ১১৮ এবং বিজেপি ৭২ থেকে ৯২ এবং জেডিএস পেতে পারে ২২ থেকে ৩০টি আসন। আর টাইমস নাউ-চাণক্য তাদের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে, বিজেপি পেতে পারে ১২০টি আসন আর কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে ৭৩টি আসন। জেডিএস পেতে পারে ২৬টি আসন।

সমীক্ষা প্রতিবেদনগুলো প্রকাশের পর জেডিএসের মুখপাত্র দানিশ আলী বলেছেন, ‘কংগ্রেস যদি ১০০ আসনের কম পায়, তাহলে তাদেরই আমাদের কাছে সমর্থন চাইতে আসতে হবে। আমরা আগ বাড়িয়ে কাউকে সমর্থন করব না। ধর্মনিরপেক্ষতা প্রমাণের জন্য বারবার আর আত্মত্যাগ করতে পারবে না জেডিএস।’