কর্ণাটকের পৃথক পতাকা নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণাটকের জন্য পৃথক পতাকা তৈরির লক্ষ্যে রাজ্য সরকার একটি কমিটি করেছে। ছবি: এএফপি
কর্ণাটকের জন্য পৃথক পতাকা তৈরির লক্ষ্যে রাজ্য সরকার একটি কমিটি করেছে। ছবি: এএফপি

জাতীয় পতাকার বাইরে রাজ্যের আলাদা পতাকার বিষয়টি এত দিন অনানুষ্ঠানিক ব্যাপার ছিল। কিন্তু এখন তা আনুষ্ঠানিক করতে চাইছে কর্ণাটকের রাজ্য সরকার। এ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। আজ বুধবার দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কর্ণাটকের জন্য পৃথক পতাকা তৈরির লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজ্য সরকার নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। কর্ণাটকের পতাকার নকশা ও তার সাংবিধানিক বৈধতার উপায় বের করবে এই কমিটি।

পতাকা তৈরির লক্ষ্যে কমিটি গঠন করে বিতর্কের মুখে পড়েছেন কংগ্রেস-শাসিত রাজ্যটির মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

কর্ণাটকে কংগ্রেসের দায়িত্বে থাকা কে সি ভেনুগোপাল বলেছেন, ‘রাজ্যের পৃথক পতাকার বিষয়ে দলের অবস্থান স্পষ্ট। এ ধরনের উদ্যোগের প্রয়োজন নেই। জম্মু ও কাশ্মীরে এই ধরনের পতাকা আছে। অন্য আরেকটি রাজ্যে পতাকা চাই না।’

কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বও পৃথক পতাকার বিরোধী।

পৃথক পতাকার তীব্র বিরোধিতা করেছে বিজেপি। তারা এই উদ্যোগকে দেশবিরোধিতার সঙ্গে তুলনা করেছে।

কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া বলেছেন, ভারত এক জাতি। এক দেশে দুই পতাকা থাকতে পারে না।

বিরোধিতা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাঁর অবস্থানে অনড় রয়েছেন। তিনি বলেছেন, রাজ্যের পতাকা থাকার ক্ষেত্রে আইনগত বাধা নেই। পতাকা থাকা সম্ভব কি না, তা যাচাই করতে কমিটি করা হয়েছে।

একমাত্র জম্মু ও কাশ্মীর ছাড়া ভারতের অন্য কোনো রাজ্যের স্বতন্ত্র পতাকা নেই। তবে নাগাল্যান্ড গঠন বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে করা চুক্তির অংশ হিসেবে নাগাল্যান্ডও আলাদা পতাকা পেতে পারে।

ভারতের সংবিধান অনুযায়ী, দেশটির কোনো রাজ্যের পৃথক পতাকা থাকার ক্ষেত্রে আইনি বাধা নেই।