কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে শিরশ্ছেদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

ভারতে গরুর মাংস নিয়ে মন্তব্যের জের ধরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে শিরশ্ছেদ করে তা দিয়ে ফুটবল খেলার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ একজন নেতা। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি উত্তর প্রদেশের দাদরি এলাকার বিসাদা গ্রামে গরুর মাংস খাওয়ার গুজবকে কেন্দ্র করে মোহাম্মদ ইকলাখকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর কর্ণাটকের কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গত বৃহস্পতিবার বলেন, ‘আমি গরুর মাংস খাব। তুমি প্রশ্ন করার কে?’ তাঁর বক্তব্যের নিন্দা জানাতে গত সোমবার আয়োজিত প্রতিবাদ সভায় কর্ণাটকের সিমোগা জেলার বিজেপি সেক্রেটারি সি এন সান্নাবাসাপ্পা মুখ্যমন্ত্রীকে শিরশ্ছেদ করার হুমকি দেন। সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ সান্নাবাসাপ্পা ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমসকে গতকাল মঙ্গলবার আবারও বলেন, ‘যদি সিদ্দারামাইয়ার সাহস থাকে, তাঁকে সিমোগায় এসে গরুর মাংস খেতে বলুন। যদি তিনি ভাবেন আমরা তাঁকে ছেড়ে দেব, তিনি ভুল ভাবছেন। তাঁকে একটি গরু জবাই করে দেখাতে বলুন, আমরা তাঁর শরীর থেকেই মাথা ছিন্ন করে তা দিয়ে ফুটবল খেলব।’
বিজেপির ওই নেতা দাবি করেন, ভারতের সংবিধানে গরুকে পবিত্র উল্লেখ করে তা রক্ষা করার কথা উল্লেখ করা হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর উচিত হবে সংবিধান সমুন্নত রাখা।