কর্মীরা পাচ্ছেন বাড়ি, গাড়ি, হীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি-বাড়ি ও গয়না বোনাস দিলেন ভারতের হীরা ব্যবসায়ী সাভজিভাই ঢোলাকিয়া। ছবি: রয়টার্স
গাড়ি-বাড়ি ও গয়না বোনাস দিলেন ভারতের হীরা ব্যবসায়ী সাভজিভাই ঢোলাকিয়া। ছবি: রয়টার্স

কোম্পানির লক্ষ্য পূরণ করায় আবারও কয়েক শ গাড়ি-বাড়ি কর্মীদের মধ্যে বোনাস হিসেবে দিলেন ভারতের হীরা ব্যবসায়ী সাভজিভাই ঢোলাকিয়া। নামটি ইতিমধ্যেই পরিচিত। কারণ, এর আগেও তিনি কোম্পানির কর্মকর্তাদের গাড়ি-বাড়ি উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন।
এবারে দীপাবলি উৎসব উপলক্ষে ১ হাজার ২৬০টি গাড়ি, ৪০০ ফ্ল্যাট ও নানা রকম হীরার গয়না কর্মীদের উপহার দেওয়ার ঘোষণা দেন সুরাটের এই ব্যবসায়ী।
হরে কৃষ্ণ এক্সপোর্টসের মালিক ঢোলাকিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে কোম্পানির প্রতিটি কর্মীর নিজস্ব বাড়ি ও গাড়ি থাকবে। তাই আমরা গাড়ি, বাড়ি ও গয়না কর্মীদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ঢোলাকিয়া বলেন, গত পাঁচ বছরে কোম্পানিতে যাঁরা দারুণ কর্মদক্ষতা দেখিয়েছেন ও নিবেদিতপ্রাণ ছিলেন, তাঁদের জন্য এ পুরস্কার। ৫ হাজার ৫০০ কর্মীর মধ্য থেকে ৫০ কোটি রুপি বাজেটের এই পুরস্কার দেওয়া হয়েছে কর্মীদের।

২০১২ সাল থেকে ঢোলাকিয়া কর্মীদের দামি উপহার দেওয়ার জন্য খবরের শিরোনাম হচ্ছেন। ২০১৪ সালে কর্মীদের ৪৯১টি গাড়ি ও ২০৭টি ফ্ল্যাট উপহার দেন ঢোলাকিয়া। এর আগে যাঁরা পুরস্কার পেয়েছিলেন, এবার তাঁদের বিবেচনায় রাখা হয়নি।

ঢোলাকিয়ার হীরা রপ্তানিকারক কোম্পানিটি বিশ্বের ৭৫টি দেশে ব্যবসা করছে।

তথ্যসূত্র : গার্ডিয়ান।