কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হয়েছে আজ সোমবার। তবে সাধারণের জন্য এই বইমেলা উন্মুক্ত হবে আগামী ২৭ জানুয়ারি। কলকাতার মিলনমেলা ময়দানে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন বলিভিয়ার সাহিত্যিক ম্যাগেলা বাওদোইন। প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আয়োজিত ৪০ তম এই বইমেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার থিম কান্ট্রি বলিভিয়া। আগামী ২ ফেব্রুয়ারি উদযাপিত হবে বাংলাদেশ দিবস। ওই দিন বিকেলে এসবিআই মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘বাঙ্গালিত্ব এবং বিশ্বায়ন’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু এবং বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। স্বাগত ভাষণ দেবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।
ম্যাগেলা বাওদোইন আজ সন্ধ্যায় ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি বলেন, যে সাহিত্য ভালোবাসে ভারত তাঁকে টেনে নেয়। আমার অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধীসহ ভারতের আরও বহু বিশিষ্টজন। কলকাতায় যখন পা রাখি তখন মনে হয়েছিল একদিন এখানেই ছিল হয়তো আমার বাসস্থান।
প্রধান অতিথি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বইয়ের কোনো বিকল্প হয় না। বইপড়ার মধ্যে রয়েছে গর্ববোধ করার একটা অনুভূতি। এই অনুভূতি হারিয়ে যায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বলিভিয়ার রাষ্ট্রদূত খোরকে কার্ডেনাস, ভিয়েতনামের রাষ্ট্রদূত টন থিন থ্যান, সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং নিমাই ভট্টাচার্য। সেখানে নিমাই ভট্টাচার্যকে সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।
বইমেলায় বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশ যোগ দিয়েছে। বাংলাদেশ থেকে ৩২টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। বাংলা একাডেমির বর্ধমান হাউসের আদলে তিন হাজার ৭০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন।
এবারের বইমেলায় এই প্রথম যোগ দিয়েছে গুয়াতেমালা, নরওয়ে এবং চীন। এ ছাড়া আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পেরু, তুরস্ক ও জাপানসহ বিভিন্ন দেশ। আছে ভারতের বিভিন্ন রাজ্যের ৬০০টি প্রকাশনা সংস্থা। সঙ্গে ২০০ লিটল ম্যাগাজিন প্রকাশনা সংস্থাও।