কলকাতা পুলিশ-সিবিআই দ্বৈরথের অচলাবস্থা কাটালেন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট

কলকাতা পুলিশ ও সিবিআই দ্বৈরথের অচলাবস্থা কাটালেন সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানিয়ে দেন, চিটফান্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে হবে। তাঁকে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হবে। তবে সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না।

রাজীব কুমারকে সিবিআই জেরা করবে ঠিকই, তবে তা কলকাতা বা দিল্লিতে নয়। জেরা হবে কোনো নিরপেক্ষ স্থানে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে সেই জেরা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

সিবিআই একাধিক চিটফান্ড কাণ্ডের তদন্ত করছে সুপ্রিম কোর্টের নির্দেশেই। সিবিআই সর্বোচ্চ আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ এনেছে কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে। একই অভিযোগ আনা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মলয় দে এবং রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কুমারের বিরুদ্ধেও। আদালত অবমাননার অভিযোগ পেয়ে সুপ্রিম কোর্ট ওই তিন কর্তাকে নোটিশও পাঠিয়েছেন। ১৮ ফেব্রুয়ারির মধ্যে সেই নোটিশের জবাব দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি।

গত রোববার সিবিআইয়ের তদন্তকারী একটি দল কলকাতায় পুলিশ কমিশনারের বাড়ি গেলে রাজ্য-কেন্দ্র সংঘাত শুরু হয়। শুরু হয় সাংবিধানিক সংকট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান রাজীব কুমারের সরকারি বাসভবনে। কলকাতা পুলিশ সিবিআইয়ের তদন্তকারী কর্তাদের জবরদস্তি গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। মুখ্যমন্ত্রী সেই সন্ধ্যা থেকেই বসে যান ধরনায়। আইনি লড়াই রূপ নেয় রাজনৈতিক লড়াইয়ে। সোমবারই সিবিআই দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খান্নার এজলাস জানিয়ে দেন, সিবিআই জেরার জন্য ডাকলে রাজীব কুমারকে যেতেই হবে। পুলিশ কমিশনারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও সিবিআই এনেছে। সিবিআই বলেছে, চিটফান্ডের মূল কর্তাদের মোবাইলের যে কল রেকর্ড রাজীব কুমার অনেক অনুরোধের পর গত বছর সিবিআইয়ের হাতে তুলে দেন, তার সঙ্গে মোবাইল পরিষেবা সংস্থার কল রেকর্ডের বিস্তর ফারাক রয়েছে। কী কী ফারাক—সেগুলো মুখবন্ধ খামে সিবিআই সুপ্রিম কোর্টে মঙ্গলবার জমা দেয়। সিবিআইয়ের হলফনামায় এ কথাও বলা হয়েছে যে, রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা সাংবিধানিক দায়িত্ব পালন না করে রাজ্যের শাসক দলের রাজনৈতিক ধরনায় শামিল হয়েছেন।

সুপ্রিম কোর্টে সিবিআই জানায়, ২০১৭ সাল থেকে তিনবার রাজীব কুমারকে জেরার জন্য তলব করা হয়েছিল। কিন্তু একবারও তিনি হাজির হননি। বরং সিবিআইয়ের কাজে বাধা দিয়েছেন। তদন্তকারী কর্তাদের হেনস্তা করেছেন।

রায়কে স্বাগত জানিয়ে কলকাতার ধরনামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘এই জয় গণতন্ত্রের জয়। এই জয় তাঁদের নৈতিক জয়।’ একইভাবে নিজেদের জয়ী বলেছে বিজেপি। দলের কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দিল্লিতে বলেন, ‘দুই বছর ধরে রাজীব কুমার সিবিআইকে এড়িয়ে চলছিলেন। এবার আর তিনি তা পারবেন না। সিবিআই ডাকলেই তাঁকে যেতে হবে। সহযোগিতা করতে হবে। এই নির্দেশকে কেউ যদি তাঁদের জয় মনে করেন, তা হলে কিছু বলার নেই।’

সারদা, রোজ ভ্যালিসহ একাধিক চিটফান্ডে কোটি কোটি টাকা খুইয়েছেন পশ্চিমবঙ্গ, ওডিশা, ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যের লাখ লাখ মানুষ। বহু রাজনীতিক এই প্রতারণার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। শাসক দলের একাধিক নেতাকে এই অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে সিবিআই এই তদন্ত চালাচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দলের অভিযোগ, ভোটের আগে সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে কেন্দ্রের শাসক দল। কলকাতায় তৃণমূল নেত্রীর ধরনাকে সমর্থন করেছেন অধিকাংশ বিজেপিবিরোধী রাজনৈতিক দলের নেতারা।