কলকাতা পৌর নির্বাচনে ব্যাপক সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক কেন্দ্র দখল, মারপিট ও বোমাবাজির মধ্য দিয়ে কলকাতা পৌর করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডের নির্বাচন হয়েছে গতকাল শনিবার। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বিভিন্ন ভোটকেন্দ্রে এসব সন্ত্রাসী তৎপরতা চালায়।
কলকাতার বেনিয়াপুকুরে বাম প্রার্থী ফুয়াদ হালিমের ওপর গুলি চালায় তৃণমূল সমর্থকেরা। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। টেংরা, বাশদ্রোনী ও নারকেলডাঙ্গায় বিরোধী এজেন্টদের বের করে দিয়ে বুথ দখল করে তৃণমূল সমর্থকেরা। বাগবাজারে বিজেপির নির্বাচনী অফিস ভাঙচুর হয়। সেখানে একটি কেন্দ্রে ভোটযন্ত্র ভাঙচুর করে সরকারি দলের সমর্থকেরা। বড়বাজারে বিরোধী প্রার্থীর ওপর বোমা ছোড়া হয়।
দক্ষিণ ২৪ পরগনার সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, সন্ত্রাসী হামলায় তাদের ৭৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। নির্বাচনের নামে ব্যাপক সন্ত্রাস হয়েছে অভিযোগ করে তিনি বলেন, নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
এই নির্বাচনকে প্রহসন হিসেবে আখ্যা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা পুনর্নির্বাচনের দাবির পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীও এ নির্বাচনকে প্রহসন হিসেবে চিহ্নিত করেছেন। অধীর চৌধুরী বলেছেন, মানুষের সমর্থন হারিয়ে তৃণমূল এবার সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।
এবারের কলকাতা পৌর করপোরেশন নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন ১ হাজার ৭৫ জন প্রার্থী। ২৮ এপ্রিল ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে।