কলকাতা পৌর নির্বাচনে বড় ব্যবধানে জয়ী তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌর করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। রাজধানীর ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টিতেই জয়ী হয়েছে তৃণমূল। বামফ্রন্ট জয়ী হয়েছে ১৫টি ওয়ার্ডে। কংগ্রেস এবং বিজেপি জয়ী হয়েছে যথাক্রমে পাঁচটি ও সাতটি ওয়ার্ডে।
সর্বশেষ ২০১০ সালের করপোরেশন নির্বাচনে তৃণমূল জয়ী হয়েছিল ৯৫টি ওয়ার্ডে। সেবার বামফ্রন্ট ৩২টি, কংগ্রেস ১০টি এবং বিজেপি তিনটি ওয়ার্ডে জয়ী হয়েছিল।
এ ছাড়া রাজ্যের পৌর নির্বাচনে ৯০টি পৌরসভার মধ্যে ৭০টি তৃণমূলের, পাঁচটি বামফ্রন্টের এবং পাঁচটি কংগ্রেসের দখলে গেছে। বাকি ১০টি পৌরসভায় কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
রাজ্যের শিলিগুড়ি পৌর করপোরেশনের নির্বাচনে জয়ী হয়েছে বামফ্রন্ট। সেখানকার ৪৭টি ওয়ার্ডের মধ্যে বামফ্রন্ট পেয়েছে ২৩টি ওয়ার্ড। তৃণমূল ১৭টি, কংগ্রেস চারটি এবং বিজেপি দুটি ওয়ার্ডে জয়ী হয়েছে।
১৮ এপ্রিল কলকাতা করপোরেশন এবং ২৫ এপ্রিল শিলিগুড়ি পৌর করপোরেশন ও রাজ্যের ৯০টি পৌরসভায় ভোট গ্রহণ করা হয়। গতকাল মঙ্গলবার একযোগে এসব নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।