ঈদে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান মমতার

কলকাতায় আজ সোমবার উদ্যাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুধু কলকাতা নয়, ভারতজুড়েই সকাল থেকে ধর্মপ্রাণ মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন দেশের বিভিন্ন মসজিদ আর ঈদগাহ ময়দানে। নামাজ শেষে মুসল্লিরা দেশের অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করেন।
পবিত্র ঈদ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। রাষ্ট্রপতি তাঁর এক বার্তায় প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান মুসলিম ভাইবোনদের এবং কর্মসূত্রে যাঁরা বিদেশে আছেন, তাঁদেরও। প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় ঈদের শুভেচ্ছা জানান দেশবাসীকে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা হবে।

আজ সকালে কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় কলকাতার রেড রোডে। এখানে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের জামাতে যোগ দিয়ে রাজ্যের মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবাই একসঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন। তাহলে কেউ কিছু করতে পারবে না। আমরা এক হয়ে থাকব। আমাদের ঐক্য ভাঙতে পারবে না কেউ।’
রেড রোড ছাড়াও কলকাতায় আরও বেশ কয়েকটি বড় জামাত অনুষ্ঠিত হয় পার্ক সার্কাস ময়দান, নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিকবাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোডসহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে।