কলকাতা বইমেলা শুরু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় আজ মঙ্গলবার থেকে বইমেলা শুরু হয়েছে। কলকাতার সায়েন্স সিটির সামনের মিলনমেলা ময়দানে ঐতিহ্যবাহী এ বইমেলার উদ্বোধন করা হয়। এ বছর এই বইমেলা ৩৯ বছরে পা দিয়েছে। মেলা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিকেলে ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করেন ব্রিটিশ লেখক অমিতা আনন্দ। প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি সুবোধ সরকার, সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ব্রিটিশ উপরাষ্ট্রদূত স্কট উড প্রমুখ। সভাপতিত্ব করেন বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি অশোক বর্মন। বইমেলায় অংশ নিয়েছে দেশ-বিদেশের ৭৫০ টি প্রকাশনা সংস্থা। বইমেলায় যোগ দিয়েছে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, কলম্বিয়া, ইকুয়েডর, চিলি, পেরু, ভিয়েতনাম, স্পেন, তুরস্কসহ ২০ টি দেশ।
এবারের বইমেলার ‘থিম কান্ট্রি’ হলো যুক্তরাজ্য। বইমেলায় আগামী বৃহস্পতিবার পালিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে ওই দিন বিকেলে বইমেলা চত্বরের এস বি আই মিলনায়তনে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের বিষয়বস্তু ‘বাংলাদেশের কথাসাহিত্যে কৈবর্ত্য জীবনসংগ্রাম’। মূল প্রবন্ধ পড়বেন অধ্যাপক হরিশংকর জলদাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার দাস। সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত ভাষণ দেবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ।
এবারের বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ৩২ টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে পাঁচটি সরকারি প্রকাশনা সংস্থা রয়েছে। ৩ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এটি গড়া হচ্ছে নাটোরের ঐতিহাসিক ‘উত্তরা গণভবন’র আদলে।