কলকাতা বইমেলা ৩১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ৩১ জানুয়ারি। উদ্বোধন হবে ৩০ জানুয়ারি। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ মঙ্গলবার বিকেলে বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এক সাংবাদিক সম্মেলনে বইমেলার নির্ঘণ্ট ঘোষণা করে।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল।

এই বইমেলা এবার ৪২ বছরে পা দিচ্ছে। এবারের বইমেলার আসর বসবে কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে। মিলনমেলা ময়দানে সংস্কারের কাজ চলায় সেখানে এবার বইমেলা হচ্ছে না। এবারের বইমেলায় ৭৫০টি প্রকাশনা সংস্থা যোগ দিচ্ছে।

গিল্ড জানিয়েছে, এবারও বাংলাদেশ যোগ দিচ্ছে এই বইমেলায়। বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য দেওয়া হবে ৩ হাজার বর্গফুট জায়গা। বাংলাদেশ ছাড়া দেশের বিভিন্ন রাজ্যসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কিউবা, পেরুসহ বিশ্বের কয়েকটি দেশ যোগ দিচ্ছে এই বইমেলায়।

আজকের এই সংবাদ সম্মেলনে আসন্ন বইমেলার লোগো উন্মোচন করা হয়।